১৮ বৈশাখ, ১৪৩৩
০১ মে, ২০২৬

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আইন উপদেষ্টা

Admin Published: February 5, 2026, 2:34 pm
পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আইন উপদেষ্টা

ডিএনএন ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পরিষ্কার জানিয়েছেন, বাংলাদেশের সমর্থনেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তাঁর এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে এই অবস্থান ব্যক্ত করেন।


আসিফ নজরুল বলেন, ‘ধন্যবাদ পাকিস্তান।’ তিনি লেখেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।’



আইন উপদেষ্টা আরও লেখেন, ‘বুধবার (পাকিস্তানের) মন্ত্রিসভার সদস্যদের তিনি (শাহবাজ শরিফ) বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’


এর আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত (ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত) নিয়েছি। বাংলাদেশের পাশে আছি আমরা। আমার মতে এটা সেরা সিদ্ধান্ত।’



রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতের কারণে সেই টুর্নামেন্ট আয়োজন করা হয় ‘হাইব্রিড মডেলে’। ২০২৩ এশিয়া কাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জলজ্যান্ত উদাহরণ। এমনকি ২০২৫ এশিয়া কাপে যে তিন বার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে, সেই ম্যাচগুলোতে মাঠের পারফরম্যান্সের চেয়ে রাজনৈতিক ব্যাপারই মুখ্য হয়ে উঠেছে।


ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে পিসিবি এখনো সরাসরি কিছু বলেনি। আইসিসিকে পিসিবি কিছু জানিয়েছে কি না, সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি। শাহবাজের মতে খেলার মাঠে রাজনীতি কখনো টেনে নিয়ে আসা উচিত না। গতকাল মন্ত্রিসভার সদস্যদের পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা ভারতের বিপক্ষে খেলব না। এ ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। কারণ, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত না।’



১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের পোস্টের পর আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ায় কি না, সেই বিষয়ে মহাদুশ্চিন্তায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে, ভারত-পাকিস্তান ম্যাচের বাজারমূল্য ৫০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা। ভারত-পাকিস্তান ম্যাচের ১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য আইসিসির ক্ষতি হবে ৫৪ লাখ টাকা। সম্প্রচারকারী প্রতিষ্ঠানেরও ৪০৩ কোটি টাকার লোকসান হবে। এমনকি বিসিসিআই, পিসিবি দুই বোর্ডেরই ২৬৯ কোটি টাকা রাজস্ব হারানোর শঙ্কা রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।