স্টাফ রিপোর্টার : রাজশাহী অঞ্চলে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুদ্ধকালীন গেরিলা কমান্ডার ছিলেন বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজা। একাত্তরের গেরিলা যুদ্ধে তাঁর নেতৃত্বে এ অঞ্চল শত্রু মুক্ত হয়। রণাঙ্গনের লড়াকু এই বীরযোদ্ধা দীর্ঘ তিন বছর যাবত নিউরো সমস্যায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী।
জাতির শ্রেষ্ঠ সন্তান এ বীর মুক্তিযোদ্ধার সুচিকিৎসার কথা চিন্তা করে বৃহস্পতিবার তাঁর খোজ নিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ। দুপুর ১২টায় নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত বীর মুক্তিযোদ্ধার নিজ বাসভবনে ছুটে যান জেলা প্রশাসক শামীম আহমেদ। এসময় জেলা প্রশাসক তাঁর শরীরীক সমস্যার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং উন্নত চিকিৎসার জন্য এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন ধরনের ফলের ঝুড়ি উপহার দেন। এছাড়াও ভবিষ্যতে যেকোনো ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অয়ন ফারহান শামস। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক তৈয়বুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন প্রমুখ সেখানে উপস্থিত হন।