স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রেসক্লাবে হামলা, ভাঙচুর ও দখলের অভিযোগে দায়ের করা মামলায় পুটু বাবু (৪১) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাজশাহী প্রেসক্লাবে গেলে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। সে নগরীর বোয়ালিয়া থানার বড়কুঠিপাড়া মহল্লার বাসিন্দা।
সম্প্রতি গোলাগুলির ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ক্লাব দখলকারী নজরুল ইসলাম জুলুসহ তিনজনকে গ্রেফতার করা হয়। সর্বশেষ রবিবার গ্রেসক্লাব দখলের অভিযোগে থানায় মামলা করা হয়। মামলায় নজরুল ইসলাম জুলু, তাঁর দুই ছেলেসহ ছয়জনের নাম উল্লেখ করা হয় এবং ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এজাহারভুক্ত আসামিদের মধ্যে সোমবার এজাহারভূক্ত আসামী পুটু বাবুকে গ্রেফতা করা হয়।
নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, পুটু বাবুকে প্রেসক্লাবে হামলা ও দখলের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরেই তাকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে কারাগারে থাকা নজরুল ইসলাম জুলুর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে টিকাপাড়া খুলিপাড়া এলাকার ভুক্তভোগীরা অংশ নেন। এরআগে খুলিপাড়া থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাগরপাড়া, রানীবাজার, বাটার মোড় হয়ে জিরোপয়েন্টে যান অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন,‘নজরুল ইসলাম জুলু দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল এবং মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিলেন। সাংবাদিকতার ছদ্মাবেশে তিনি অবৈধভাবে বিপুল অর্থ ও সম্পদ অর্জন করেছেন। তারা নজরুল ইসলাম জুলুর সম্পদের উৎস ও আয়-ব্যয়ের হিসাব তদন্ত করে দেখার দাবি জানান।
মানববন্ধনে নগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, তরুণ দলের রাজশাহী জেলার সহসভাপতি মো. ডিকেন, ভুক্তভেঅগী মো. আজিজ, মো. বাদল, আবু রাসেল মনি, আনোয়ারুল ইসলাম বুলবুলসহ কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।#