১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

প্রিন্টারের টোনারে ৬৪ লাখ টাকার হেরোইনসহ মাদকচক্রের দুই সদস্য গ্রেফতার

Admin Published: October 26, 2025, 6:45 pm
প্রিন্টারের টোনারে ৬৪ লাখ টাকার হেরোইনসহ মাদকচক্রের দুই সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর শিরোইল এলাকা থেকে প্রিন্টারের টোনারে লুকানো ৬৪ লাখ টাকার হেরোইনসহ আন্ত:জেলা মাদকচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এরা হলো, জেলার গোদাগাড়ী উপজেলার দিয়াড়া মানিকচর এলাকার শামসুল আলীর ছেলে আনসারুল ওরফে রনি (২১) ও সিরাজগঞ্জ রেলওয়ে কলোনী এলাকার লিয়াকতের স্ত্রী জাহানারা (৫০)। তাদের কাছ থেকে ৬৪০ গ্রাম হেরোইন ও একটি প্রিন্টার উদ্ধার করা হয়েছে।

রবিবার রাজশাহী র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, জাহানারা বেগম সিরাজগঞ্জের বাসিন্দা। সে রাজশাহীতে এসে হেরোইন সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকার ডেলিভারি করে আসছিলো। আর আসারুল সহজেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করে পদ্মানদী পার হয়ে জাহানারা বেগমসহ অন্যদের সরবরাহ করতো। 

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে রাজশাহী র‌্যাবের একটি আভিযানিক দল তাদের গতিবিধি পর্যবেক্ষন করে। এক পর্যায়ে নগরীর শিরোইল রেলওয়ে মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা নষ্ট প্রিন্টারের টোনারে অভিনব কায়দায় লুকানো ৬৪০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। র‌্যাব জানায়, এরা চিহ্নিত মাদক কারবারী ও আন্তঃজেলা মাদক চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।