৪ বৈশাখ, ১৪৩৩
১৮ এপ্রিল, ২০২৬

প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে স্বাগতাকে

Admin Published: December 28, 2024, 11:34 pm
প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে স্বাগতাকে

ডিএনএন ডেস্ক: লিভ টুগেদার প্রসঙ্গে মন্তব্য করার জন্য ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতাকে ক্ষমা চাইতে হবে জানিয়ে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। মুহম্মদ আরিফুল খবির নামে এক ব্যক্তির পক্ষে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরী। শনিবার (২৮ ডিসেম্বর) এ নোটিস পাঠানো হয় অভিনেত্রীকে। এতে জানানো হয়, প্রকাশ্যে ক্ষমা না চাইলে নেওয়া হবে আইনি ব্যবস্থা।


নোটিশে বলা হয়েছে, ‘আপনি (স্বাগতা) হাসান আজাদ নামক একজন ব্যক্তির সঙ্গে লিভ টুগেদার করিয়াছেন বলিয়া স্বীকার করেন এবং যাহা বিগত ১ (এক) বছর যাবৎ করিয়াছেন তাহাও প্রকাশ্যে স্বীকার করেন। পাশাপাশি লীভ টুগেদার করিবার জন্য উৎসাহ প্রদান করেন। আপনি একজন মুসলমান ধর্মাবলম্বী হওয়ায় আপনার জানা আছে বিবাহের পূর্বে নারী ও পুরুষের মধ্য সহবাস বা লীভ টুগেদার করা সম্পূর্নরুপে হারাম। আপনি উক্ত হারাম বিষয়টি নিজে করিয়া অপরকে করিবার জন্য উৎসাহ প্রদান করিতেছেন।



যাহার কারনে সমাজে ব্যভিচারের মাত্রা বৃদ্ধি পাইয়া সমাজে এক বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হইবে।  আপনার উক্তরুপ বিবৃতির কারণে মুসলমান ধর্মাবলম্বীগণের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত প্রদান করিয়াছে। যেহেতু আমার মোয়াক্কেল একজন ধর্মপ্রান মুসলান হওয়ার কারনে আমার মোয়াক্কেলের ধর্মীয় অনুভূতিতেও আঘাত লাগিয়াছে। যাহার কারণে সংক্ষুদ্ধ হইয়া আপনার প্রতি অত্র নোটিস প্রেরন করিয়াছে।


অতএব, অত্র  নোটিস প্রাপ্তির সাত দিনের মধ্যে আপনার উক্ত বক্তব্য প্রত্যাহার করিয়া প্রকাশ্যে ক্ষমা চাইবেন। তাহা আমার মোয়াক্কেলকে অবহিত করিবেন। অন্যথায় আমার মোয়াক্কেল আপনার ধর্মীয় অনুভূতি আঘাতদানকারী উক্ত বিবৃতির জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করিবেন। যাহার দায়ভার আপনার উপর বর্তাইবে।’