স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের বেশে ডাকাতির ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার দিবাগত রাতে র্যাব রাজশাহীর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মঙ্গলবার রাজশাহী র্যাব এ তথ্য জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, নওগাঁর মান্দা উপজেলার নবগ্রাম এলাকার তানভীর ওরফে ইব্রাহিম ওরফে মিলন (৩০) ও চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর উপজেলার হাজীপাড়া এলাকার আমিনুল মোমেনীন (৩১)।
র্যাব জানায়, রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম ব্যাংক টাউন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মিলনকে গ্রেফতার করা হয়। আর জেলার মোহনপুর উপজেলার বসন্তকেদার বিদিরপুর গ্রাম থেকে আমিনুল মোমেনীনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ১৫ মে মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একদল ডাকাত সদস্য নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে মাইক্রোবাসে ডাকাতির প্রস্তুতি নেন। মির্জাপুর থানা পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুজনকে আটক করতে সক্ষম হলেও দলের মূলহোতাসহ আরো ৫/৬ জন পালিয়ে যায়।
এ সময় আটককৃতদের দেহ তল্লাশি করে এক জোড়া পুলিশের হ্যান্ডকাফসহ বিভিন্ন পুলিশি সরঞ্জাম উদ্ধার হয়। পরে মির্জাপুর থানা পুলিশ এই ঘটনায় একটি নিয়মিত মামলা করে। আসামিদের গ্রেফতারে পুলিশের পাশাপাশি র্যাবও ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাব অভিযান চালিয়ে ডাকাত দলের নেতা মিলন ও সদস্য আমিনুলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ঢাকা, টাঙ্গাইল, গাজীপুরসহ বিভিন্ন জেলার মহাসড়কে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনি ব্যবস্থা নিতে তাদের মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।