৬ বৈশাখ, ১৪৩৩
১৯ এপ্রিল, ২০২৬

রাবির স্থগিত হওয়া ভর্তির প্রাথমিক আবেদন শুরু আগামীকাল

Admin Published: January 26, 2025, 6:14 pm
রাবির স্থগিত হওয়া ভর্তির প্রাথমিক আবেদন শুরু আগামীকাল

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) ২০২৪-২৫  শিক্ষাবর্ষে ১ম বর্ষ ভর্তি প্রক্রিয়ায় স্থগিত হওয়া প্রাথমিক আবেদন আগামীকাল (২৭ জানুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু হচ্ছে। এ আবেদন প্রক্রিয়া আগামী ৫ ফেব্রুয়ারি ১১টা ৫৯ পর্যন্ত চলবে। এ দিকে প্রাথমিক আবেদন ফি পুনঃনির্ধারণ করে ৫৫ টাকা থেকে ২২ টাকা করা হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

বিজ্ঞপ্তিতে চূড়ান্ত আবেদন সম্পর্কে উল্লেখ করা হয়, চূড়ান্ত আবেদন তিন ধাপে যথাক্রমে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি, ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি ও ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন হবে। ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত ‘বি’ ইউনিট ১২ এপ্রিল, ‘এ’ ইউনিট ১৯ এপ্রিল ও ‘সি’ ইউনিট ২৬ এপ্রিল সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর-এ অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

এ দিকে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফি পুনঃনির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভর্তি পরীক্ষার ভর্তির প্রাথমিক আবেদন প্রক্রিয়াকরণ ফি পুনঃনির্ধারণ করে সার্ভিস চার্জসহ ২২ টাকা করা হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।’


প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ‘পরবর্তী নির্দেশ না দেওয়া’ পর্যন্ত স্থগিত করা হয়েছিল।