স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর বিএনপির পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির ঘোষণা কেন্দ্র থেকে জানানো হবে। নতুন কমিটি ঘোষণা পর্যন্ত রাজশাহী মহানগর বিএনপির দায়িত্বে থাকবেন দলের কেন্দ্রীয় কমিটির দুই নেতা। রাতে সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিভাগের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের নির্দেশে রাজশাহী মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হলো। মহানগর বিএনপির দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত দুই সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম ও এএইচএম ওবায়দুর রহমান চন্দন।
এর আগে ২০২১ সালের ১০ ডিসেম্বর এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুন অর রশিদ মামুনকে সদস্য সচিব করে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর প্রায় সাড়ে তিন মাস পর আহ্বায়ক কমিটির পরিধি বাড়িয়ে ৬১ সদস্যের করা হয়। এরপর থেকে প্রায় সাড়ে তিন বছর ধরে এই আহ্বায়ক কমিটিতেই রাজশাহী মহানগর বিএনপি চলছিল।
প্রায় দেড় দশক পর রবিবার রাজশাহী নগর বিএনপির আনুষ্ঠানিক সম্মেলন হলেও শেষ পর্যন্ত কোনো কমিটি ঘোষণা করা হয়নি।