৭ বৈশাখ, ১৪৩৩
২০ এপ্রিল, ২০২৬

রাজশাহী মিষ্টান্ন ভান্ডার গুনলো ১০ হাজার টাকা জরিমানা

Admin Published: December 25, 2024, 11:11 pm
রাজশাহী মিষ্টান্ন ভান্ডার গুনলো ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : রাজশাহী মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার বিকালে বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয় নগরের সাহেববাজার এলাকায় অবস্থিত এই মিষ্টির দোকানটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।


এতে বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘সুইটমিট (মিষ্টি)’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, নিট ওজন, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য প্রভৃতি তথ্য সম্বলিত কোনপ্রকার লেবেল ও মোড়ক ব্যবহার না করায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 


এছাড়া বিএসটিআইয়ের গুণগত মানসনদবিহীন সানলাইট কেমিক্যাল কোং এর উৎপাদিত ‘লিকুইড হ্যান্ডওয়াশ ও লিকুইড ডিশ ওয়াশ’ বিক্রয়-বিতরণ করায় নওদাপাড়া বাজার এলাকায় অবস্থিত ফ্লিটবাই সুপারশপকে সতর্ক করা হয়। বিএসটিআইয়ের গুণগত মানসনদবিহীন পণ্য বিক্রয়-বিতরণ হতে বিরত থাকতে নির্দেশ প্রদান করা হয়।


অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার অয়ন ফারহান শামস। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিসের রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং-এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। জনস্বার্থে বিএসটিআই রাজশাহীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।