স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল করা হয়েছে। শ্রমিক দলের জেলা কমিটির সদস্যরা গত মঙ্গলবার কার্যালয় দখলে নেন বলে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা।
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের জেলা শাখার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিক আলী পাখি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত বছরের ৩০ সেপ্টেম্বর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে তারা নির্বাচিত হন। আওয়ামীলীগ সরকার পতনের পর সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী দায়িত্ব ছেড়ে তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে যান। এরপর গত মঙ্গলবার সড়ক পরিবহন শ্রমিক দলের জেলার সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, শাখাওয়াত হোসেন রঞ্জু, গোলাম রেজা সিদ্দিকী সুনু মুনজুর হোসেনসহ অন্যরা তাদের কার্যালয় দখল করে নিয়েছেন।
পাখি জানান, নগরীর নওদাপাড়া ও শিরোইল বাস টার্মিনালে তাদের দুটি কার্যালয় ছিলো। মঙ্গলবার পরিবহন শ্রমিক দলের সদস্যরা তালা ভেঙে দুটি কার্যালয়ই দখলে নিয়েছে। নির্বাচিত কমিটির নেতারা কার্যালয় দুটিতে গেলে সংঘর্ষের আশঙ্কা আছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, দখলদারদের উচ্ছেদ না করলে কার্যালয়ে থাকা সংগঠনের টাকা-পয়সা লুট পাটের আশঙ্কা আছে।
পাখি বলেন, ‘মোটর শ্রমিক ইউনিয়ন শ্রম অধিদফতরের নিবন্ধিত একটি সংগঠন। সংগঠনের সবকিছুই চলে শ্রম আইন অনুযায়ী। চাইলেই এ সংগঠন দখল করা যায়না। কারণ, আমরা নির্বাচিত কমিটি। এভাবে জোরপূর্বক আমাদের সংগঠনের কার্যালয় দখল করায় আমরা জেলা প্রশাসক এবং শ্রম অধিদপ্তরের বিভাগীয় যুগ্ম পরিচালকের কাছে আলাদা লিখিত অভিযোগ করেছি।
সংগঠনের কার্যালয় দখলের বিষয়ে জানতে চাইলে সড়ক পরিবহন শ্রমিক দলের জেলার সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ বলেন, ‘বছরে দুই ঈদ ছাড়া কোনদিন সংগঠনের অফিস বন্ধ থাকেনা। কিন্তু সরকার পতনের পর অফিস খোলা হচ্ছিল না। তারা নিজেরাই সংগঠন ছেড়ে পালিয়ে গেছে।