স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন পেয়েছেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। বুধবার বিকেলে দলীয়ভাবে তার মনোনয়নের ঘোষণা দেওয়া হয়।
ডা. জাহাঙ্গীর বর্তমানে রাজশাহী মহানগর জামায়াতের নায়েব আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ও মহানগর জামায়াতের সেক্রিটারির দায়িত্ব পালন করেছেন।
ডা. জাহাঙ্গীর পেশাগতভাবে একজন চিকিৎসক এবং রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। তিনি এ হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান। ডা. জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে ইসলামী মূল্যবোধের রাজনীতি চর্চা করে আসছেন। চিকিৎসা পেশার পাশাপাশি তিনি সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠতা, সুনাম ও গ্রহণযোগ্যতা রয়েছে।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাজশাহীর অপর পাঁচটি আসনের জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছিল। এতে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাশিয়াডাঙ্গা থানা জামায়াতের সুরা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের রোকন ডা. আব্দুল বারি সরদার, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটন ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক।