স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর একটি আবাসিক হোটেল থেকে সবুজ কুমার অধিকারী (২৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নগরের নিউমার্কেট এলাকার ওয়ে হোম নামের আবাসিক হোটেল থেকে শনিবার বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল লাশটি।
সবুজের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটঘরিয়া গ্রামে। তার বাবার নাম বিমল চন্দ্র অধিকারী। সবুজ একটি বেসরকারি প্রতিষ্ঠানে বগুড়ায় কর্মরত ছিলেন। শুক্রবার তিনি রাজশাহীর এই আবাসিক হোটেলের একটি কক্ষে ওঠেন। শনিবারই তার হোটেল ছাড়ার কথা ছিল।
নগরের বোয়ালিয়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নির্ধারিত সময়ে সবুজ হোটেল ত্যাগ না করলে কর্মীরা ডাকাডাকি করেন। এতে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে জানালা দিয়ে তারা সবুজের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়।
ওসি জানান, কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দরজা ভাঙেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। নিশ্চিত হওয়ার জন্য তার লাশ ময়নাতদন্ত করতে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।