১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে চান আরএমপির নবাগত কমিশনার

Admin Published: December 1, 2025, 5:38 am
রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে চান আরএমপির নবাগত কমিশনার

স্টাফ রিপোর্টার : মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবনিযুক্ত কমিশনার ড. মো. জিল্লুর রহমান। তিনি বলেন, রাজশাহী একটি বিভাগীয় মহানগর। এখানে অন্যান্য শহরের মতোই নানান ধরনের চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং সিসিটিভি কার্যক্রম আরও সক্রিয় করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

রবিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দফতরের কনফারেন্স রুমে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি।

সভায় পুলিশ কমিশনার আরও বলেন, ‘আমার জন্মস্থান বগুড়া। এই বিভাগের একজন নাগরিক হিসেবে রাজশাহী শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। এই শহরকে একটি নিরাপদ শহরে পরিণত করতে যা যা করার প্রয়োজন, আমি তা আন্তরিকতার সঙ্গে করবো, ইনশাল্লাহ।’

পরিচিতি সভায় জানানো হয়, ড. মো. জিল্লুর রহমান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। 

আরএমপির উপ-কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র গাজিউর রহমানের সঞ্চালনায় পরিচিতি সভায় অন্যদের মধ্যে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এবং রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।