১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

রাজশাহীতে আদিবাসী শিক্ষার্থীদের সৃজনশীলতায় বিজয়ের চেতনা

Admin Published: December 18, 2025, 5:18 am
রাজশাহীতে আদিবাসী শিক্ষার্থীদের সৃজনশীলতায় বিজয়ের চেতনা

স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবস উপলক্ষে আদিবাসী শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উদ্যোগে রচনা লিখন, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীর নবাই বটতলা, মুরশইল, কলিমনগর, বাগানপাড়া, বাবুলডাং ও মিঞাপুরসহ বিভিন্ন এলাকা থেকে আদিবাসী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির মিলনায়তনে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন একাডেমির নির্বাহী পরিচালক ও দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হলে শিশু-কিশোরদের সৃজনশীলতাকে জাগিয়ে তোলার বিকল্প নেই। আদিবাসী শিক্ষার্থীদের লেখনী, তুলির আঁচড় ও কণ্ঠের উচ্চারণে যে দেশপ্রেম ফুটে উঠেছে, তা আমাদের আশাবাদী করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং। তিনি বলেন, এই ধরনের প্রতিযোগিতা আদিবাসী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়, তাদের ভাষা-সংস্কৃতি ও ইতিহাস চর্চার পথ সুগম করে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির গবেষণা কর্মকর্তা বেঞ্জামিন টুডু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মি. সামসন হাঁসদা, একাডেমির নির্বাহী সদস্য শেলী প্রিসিল্লা বিশ্বাস, একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন ও লুবনা রশিদ সিদ্দিকা।

প্রতিযোগিতাগুলোর বিচারকার্যে দায়িত্ব পালন করেন সবিতা টুডু, শেলী বিশ্বাস, জোষ্টিনা মুর্মু, কলেসতিনে হাঁসদা, পৌল টুডু ও মমতা মার্ডি। তাঁরা জানান, শিক্ষার্থীদের রচনায় মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের ত্যাগ, স্বাধীন বাংলাদেশের স্বপ্ন ও বিজয়ের আনন্দ স্পষ্টভাবে উঠে এসেছে।