১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬

রাজশাহীতে ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেফতার

Admin Published: December 11, 2025, 4:41 am
রাজশাহীতে ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ছিনতাই চক্রের ৩ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, আকাশ হোসেন ওরফে আক্কা (৩০), বিপ্লব ওরফে রবাট বিপ্লব (২৮), শাকিল শেখ (২৮)। এদের মধ্যে আকাশ নগরীর মহিষবাথান এলাকার আবুল হোসেনের ছেলে, বিপ্লব ভাটাপাড়া এলাকার আবু বাক্কারের ছেলে এবং শাকিল রাজপাড়া এলাকার শাহিন শেখের ছেলে।

বুধবার রাজশাহী নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, নগরীর চন্দ্রিমা থানায় দায়েরকৃত ছিনতাই মামলার ভিত্তিতে তদন্তে নেমে ডিবি পুলিশ প্রথমে  আকাশ হোসেন ও বিপ্লবকে আলীগঞ্জ লিচুবাগান এলাকা থেকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে শাকিল শেখকে তার বাসা থেকে আটক করা হয়।

এসময় তাদের কাঝ থেকে ছিনতাই করা মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের স্মার্টকার্ড, এটিএম কার্ড, মানিব্যাগ,বার্মিজ চাকু এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশের তথ্যমতে গত ২৯ নভেম্বর ভোরে নগরীর শিরোইল বাসস্ট্যান্ড থেকে অটোরিকশাযোগে ছোটবনগ্রাম পশ্চিমপাড়া যাওয়ার পথে ছিনতাইকারীরা মোটরসাইকেলযোগে এসে একজনের মোবাইল ফোন, টাকা, পরিচয়পত্রসহ বিভিন্ন মূল্যবান কাগজপত্র ও সামগ্রী ছিনতাই করে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং উদ্ধার করা আলামত মামলার বাদী শনাক্ত করেছে। তাদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদক মামলা চলমান রয়েছে। বুধবার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।