৩ বৈশাখ, ১৪৩৩
১৭ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে

Admin Published: March 30, 2025, 2:08 pm
রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হযরত শাহ মখদুম  (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল হলে, একই সময়ে জামাত স্থানান্তরিত হবে হযরত শাহ মখদুম (রহ.) দরগা কেন্দ্রীয় জামে মসজিদে।

দরগা মসজিদে স্থানান্তরিত হলে এবং মুসল্লির সংখ্যা বেশি হলে, ৩০ মিনিটের ব্যবধানে দ্বিতীয় ও তৃতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। রাজশাহীর শাহ মখদুম রূপোশ (রহ.) দরগা স্টেটের তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা শনিবার এ তথ্য জানিয়েছেন।

এবার প্রধান জামাতে ইমামতি করবেন নগরের রাজারহাতা জামে মসজিদের খতিব মাওলানা মো. কাওসার হোসাইন। তাকে সহযোগিতা করবেন তেরোখাদিয়া জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ সোয়েব হোসেন।

রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় মহানগর ঈদগাহ (টিকাপাড়া) অনুষ্ঠিত হবে। এখানে দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় হবে। বৃষ্টি হলে পাশের টিকাপাড়া মোহাম্মপুর জামে মসজিদ কমপ্লেক্সে জামাত অনুষ্ঠিত হবে।

সকাল সোয়া ৮টায় রাজশাহীর তৃতীয় বড় ঈদ জামাত হবে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে, যেখানে প্রধান সড়কের ওপর একটিই ঈদ জামাত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জামাত হবে সকাল ৮টায়। প্রথমবারের মতো এখানে নারীদের জন্য পৃথক প্রবেশপথ ও প্যান্ডেল নির্ধারণ করা হয়েছে। নারীরা বিএনসিসি গেট দিয়ে প্রবেশ ও বের হবেন।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৭টায়। রাজশাহীর বেশিরভাগ মসজিদে ঈদের জামাত সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসিরুদ্দিন শেখ জানিয়েছেন, ঈদের জামাত সুষ্ঠুভাবে আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে সমন্বয় সভা হয়েছে। তবে ইসলামিক ফাউন্ডেশন বা জেলা প্রশাসন নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করেনি। মসজিদ কমিটিগুলো নিজেদের সুবিধামতো সময় নির্ধারণ করে আগের দিন মাইকিংয়ের মাধ্যমে তা জানিয়ে দেবে।