স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আগামী রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে। রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ ঘিরে ইতোমধ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল।
তিনি জানান, রাজশাহী মহানগর ছাড়া বিভাগের অন্য সাত জেলার জামায়াতের নেতাকর্মীরা এ সমাবেশে অংশ নেবেন। একই সঙ্গে অন্য ৭ দলের রাজশাহী বিভাগের ৮ জেলার নেতাকর্মীরাও এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সমাবেশে ৮ দলের শীর্ষ নেতারা তাদের পাঁচদফা দাবি আদায়ের আন্দোলনের বিষয়ে দিকনির্দেশনা দেবেন।
সংবাদ সম্মেলনে ইমাজ উদ্দিন মন্ডল বলেন, সরকার শুধু উচ্চকক্ষে পিআর পদ্ধতি দিতে চাচ্ছে। আমরা নিম্নকক্ষেও পিআর চাচ্ছি। বিভিন্ন স্তরের প্রশাসন একটি বিশেষ দলের দ্বারা নিয়ন্ত্রিত বা প্রভাবিত হয়ে কাজ করছে। এই অবস্থা চলতে থাকলে একটা সুষ্ঠু-অবাধ নির্বাচন কোনোভাবেই সম্ভব না। দেশের মানুষ একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন যে বাংলাদেশ পেয়েছে, তাদের নতুন মানুষ চায় সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি সংসদে পাঠাবে। কিন্তু নির্বাচনে যদি লেভেল প্লেয়িং ফিল্ড না হলে অতীতের মতোই একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করা সময়ের দাবি।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী মহানগরের সভাপতি হুসাইন আহমদ, জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকি, জেলা সেক্রেটারি আব্দুল্লাহ সুজন, জামায়াতে ইসলামীর নাটোর জেলা আমির ড. মীর নুরুল ইসলাম, রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা, জাতীয় গণতান্ত্রিক পার্টির বিভাগীয় সমন্বয়ক বাতিনুর রহমান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি সাইফুল হকসহ বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।