৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে মহান বিজয় দিবসের কর্মসূচি গ্রহণ

Admin Published: December 14, 2024, 12:55 pm
রাজশাহীতে মহান বিজয় দিবসের কর্মসূচি গ্রহণ

স্টাফ রিপোর্টার : আগামী সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সঙ্গে দিবসটি উদ্যাপনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। 

ওইদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা পুলিশ লাইন্সে একত্রিশ (৩১) বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির উদযাপনে কর্মসূচি শুরু হবে। এরপরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হবে। 

সকাল নয়’টায় সার্কিট হাউসে জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং দশ’টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। এরপর একই স্থানে বেলা এগারো’টায় আড়ম্বরপূর্ণ বিজয় মেলার উদ্বোধন করা হবে। বিকেল চার’টায় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্ক, যাদুঘর বিনা টিকেটে শিশুদের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। 

সুবিধামতো সময়ে হাসপাতাল, জেলখানা, সরকারি শিশুসদন, শিশু একাডেমি, বৃদ্ধাশ্রম, ছোটমনি নিবাস; অন্ধ, মূক ও বধির বিদ্যালয়, সেফ হোম, এসওএস, শিশুপল্লী, শিশু বিকাশ কেন্দ্র ও বেসরকারি এতিম খানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ওইদিন উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।

বাদ-যোহর মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। সুবিধামতো সময়ে, সিনেমা হল ও উন্মুক্ত স্থানে সংশ্লিষ্ট কতৃপক্ষ শিক্ষার্থীদের বিনাটিকেটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শণ করবে।

এছাড়াও সুবিধামতো সময়ে রাজশাহী শিশু একাডেমি শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ১৫ ও ১৬ ডিসেম্বর সন্ধ্যায় শহরের গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি ,স্বায়ত্তশাসিত এবং বেসরকারি স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হবে। 

বিজয় দিবস উদযাপন উপলক্ষে নগরীর প্রধান প্রধান সড়ক, সড়কদ্বীপ এবং বিভিন্ন স্থাপনা জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা দ্বারা সুসজ্জিত করা হবে।