৬ বৈশাখ, ১৪৩৩
১৯ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্য গ্রেফতার

Admin Published: January 16, 2025, 6:29 pm
রাজশাহীতে সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সংঘবদ্ধ চোর চক্রের নারীসহ চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। নগরের মতিহার থানা-পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। একটি চুরির ঘটনা তদন্তে গিয়ে চক্রটির খোঁজ মেলে। বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, জেলার গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর গ্রামের জাহিদ হাসান (২২), তার স্ত্রী সন্ধ্যা খাতুন (১৯), মির্জাপুর গ্রামের ইমতিয়াজ হোসেন মাহির ওরফে ছোট (১৯) এবং রাজশাহীর এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা শাকিল হোসেন (২৬)।

নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ ডিসেম্বর ছালেহুর রহমান নামের এক ব্যক্তি গ্রামের বাড়িতে গেলে নগরের মতিহার থানার বামনশিকড় এলাকার ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা বাসার তালা ভেঙে ফ্রিজ ও গ্যাসের চুলাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এ ঘটনাটি মতিহার থানা পুলিশকে অবহিত করেন ছালেহুর।

এ ঘটনার তদন্তে নেমে পুলিশ এ চক্রটির সন্ধান পায়। পরে বুধবার বিকেলে নগরের পশ্চিম বুধপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এদের কাছ থেকে একটি চোরাই ফ্রিজ, চারটি গ্যাসের চুলা, দুটি সিলিন্ডার, দুটি বাইসাইকেল, একটি ভ্যানসহ বাড়িতে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার হয়।

পুলিশ বলছে, এরা দুর্ধর্ষ চোর। আসামি জাহিদ ও শাকিলের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। নতুন করে তাদের চারজনের বিরুদ্ধেই একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।