স্টাফ রিপোর্টার :রাজশাহী মেডিক্যল কলেজ হাসপাতালে একসঙ্গে সন্তান প্রসব করেছেন এক প্রসূতি মা। এদের মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে। যদিও জন্মের কিছুক্ষনের মধ্যে এক ছেলে ও এক মেয়ে মারা যায়।গত মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সন্তান জন্ম দেওয়া প্রসূতির নাম রেশমা খাতুন (২৩)। তিনি নাটোরের লালপুর উপজেলার সাইপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে প্রসব বেদনা নিয়ে রামেক হাসপাতালে ওই গৃহবধূকে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকদের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশন ছাড়াই নরমাল ডেলিভারির মাধ্যমে রেশমা খাতুন পাঁচ সন্তানের জন্ম দেন।
নবজাতকদের বাবা আসিব হোসেন সবুজ জানান, সন্তানদের মা রেশমা সুস্থ রয়েছেন, তাঁদের নবজাতকেরা জন্মের পর থেকে কিছুটা দুর্বল। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও বিশেষ যত্ন নেওয়া হচ্ছে।
আসিব হোসেন সবুজ আরও জানান, তিনি ঈশ্বরদী মিলিটারি ফার্মে দিনমজুরের কাজ করেন। আর্থিকভাবে তিনি অসচ্ছল। তাঁর পক্ষে সন্তানদের ব্যয়ভার বহন করা কঠিন। তিনি স্ত্রী ও সন্তানদের জন্য দোয়া চেয়েছেন।