২০ বৈশাখ, ১৪৩৩
০৪ মে, ২০২৬

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল হক

Admin Published: September 11, 2024, 12:35 pm
রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল হক

ডিএনএন ডেস্ক : সাত দিনের রিমান্ড শেষে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।  বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে সাত দিনের রিমান্ড শেষে শহীদুল হককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার সাব-ইন্সপেক্টর বায়েজীদ বোস্তামী। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গত বুধবার (৪ সেপ্টেম্বর) শহীদুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সেদিন তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছিল পুলিশ। 


এর আগে গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) শহীদুল হককে উত্তরা ১৬ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ।

শহীদুল হক ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। তিনি ২০১৮ সালের ৩১ জানুয়ারি অবসরে যান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে নৌকা প্রতীকে লড়তে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন শহীদুল হক। পরে অবশ্য দলীয় মনোনয়ন পাননি তিনি।