৬ বৈশাখ, ১৪৩৩
১৯ এপ্রিল, ২০২৬

রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Admin Published: January 19, 2025, 3:32 pm
রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের সীমান্ত সুরক্ষিত রয়েছে। আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে। তবুও ওপার থেকে কাউকে এখানে আসতে দেবো না।


রোববার (১৯ জানুয়ারি) দুপুরে বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স, ২০২৪-২৫ এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে তো সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পদক্ষেপ ছিল না। এখন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই সীমান্তে সমস্যা দেখা দিচ্ছে। বর্ডারে ঝামেলা হচ্ছে। জনগণ আমাদের সঙ্গে আছে। বিজিবি সব সময় সতর্ক রয়েছে। সীমান্ত সম্পূর্ণরূপে সুরক্ষিত। এই সীমান্তে ওপারের কেউ আসতে পারবে না। রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে। 


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ, হামলা, ধান ও গাছ কাটা নিয়ে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁপাইনবাবগঞ্জের ঘটনার সূত্রপাত জমির ধান ও গাছ কাটা নিয়ে। উভয়পক্ষের লোকজন আহত হয়েছেন। মেজর কিছু ঘটেনি। এটা নিয়ে বিজিবি-বিএসএফ আলোচনায় সমাধান হয়ে গেছে।


তিনি বলেন, বর্ডার এলাকার কিছু জায়গা আছে যেখানে দুই দেশের কিছু পার্টি আছে যারা যাওয়া আসা করে। এই সমস্যা আছে, যা অচিরেই সমাধান হয়ে যাবে।

 

সিভিল সার্ভিস বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাকরি হারানোর ভয় না থাকায় সিভিল সার্ভিস কর্মীদের ক্ষেত্রে সেবায় অনীহা কাজ করে। শৃঙ্খলা থাকলে ক্যাডারদের মধ্যে রাজনৈতিক লেজুড়বৃত্তি থাকতো না।


দুর্নীতিকে বাংলাদেশের প্রধান সমস্যা উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, দুর্নীতি না কমলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর আমার আত্মীয় স্বজন বেড়ে গেছে। আমাদের পরিচয় দিয়ে কেউ সুবিধা নিতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।


এ সময় জুলাই আন্দোলনে আহতদের কর্মসংস্থান করার বিষয়েও গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মাহমুদ হাসানের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁও ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এস এম সালেহ আহমেদ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইব্রাহিম।