১৯ বৈশাখ, ১৪৩৩
০২ মে, ২০২৬
ঋত্বিক ঘটকের বসতভিটা সংরক্ষণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ঋত্বিক ঘটকের বসতভিটা সংরক্ষণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

Admin Published: December 19, 2025, 5:36 am
ঋত্বিক ঘটকের বসতভিটা সংরক্ষণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রকার ‘ঋত্বিক কুমার ঘটক’র রাজশাহীর বসতভিটা ভাঙার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত ও ঐতিহ্যবাহী বসতভিটা সংরক্ষণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে।

রবিবার রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এ রাজশাহীর নাগরিকবৃন্দের আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির নির্বাহী সদস্য মো. আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় এবং সভাপতি নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা আহসান কবীর লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. মাহমুদ হোসেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহীর সাধারণ সম্পাদক নাদিম সিনা, আদিবাসী যুব পরিষদ রাজশাহীর সভাপতি উপেন রবিদাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন স্বণন এর সভাপতি মিজান শেখ, তীর্থক নাটক এর সভাপতি আনোয়ার আমজাদ সজল,  নারী নেত্রী ও সাংস্কৃতিক কর্মী ঈশিতা ইয়াসমিন, ছাত্র অধিকার পরিষদ রাজশাহীর সভাপতি তাহমিদ জাকিসহ প্রমুখ।

বক্তারা বলেন, ঋত্বিক কুমার ঘটক ক্ষণজন্মা বাঙালি চলচ্চিত্রকারদের মধ্যে একজন। যাঁর হাত ধরে বাংলা চলচ্চিত্র বিশ্বদরবারে মর্যাদার আসন পেয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চলচ্চিত্রকারের এসব চলচ্চিত্র বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রের পাঠ্য হিসেবে স্বীকৃত।

বক্তারা বলেন, এই মহান চলচ্চিত্রকারের বসতভিটা রাজশাহী শহরের মিঞাপাড়ায়। গত ৫ আগস্ট সরকার পতনের পর তার বসতভিটাটি গুড়িয়ে দেয়া হয়। সে সময় প্রশাসনের পক্ষে তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে হোমিওপ্যাথিক কলেজ কর্তৃপক্ষ আবারো ঋত্বিকের শেষ স্মৃতিচিহ্ন মুছে ফেলার চেষ্টা করে। মানববন্ধনে রাজশাহীর চলচ্চিত্রকর্মী, সামাজিক-সাংস্কৃতিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা ঐতিহ্যবাহী এই বসতভিটা সংরক্ষণের জোর দাবি জানায়।

পরে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি রাজশাহীর বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করা হয়।