রাবি প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিকের নাম মো. সালাম (২৫)। তিনি পঞ্চগড়ের বোদা উপজেলার দড়িপাড়া গ্রামের আয়নুল হকের ছেলে। তিনি রুয়েটের নির্মাণাধীন ভবনের রাজমিস্ত্রী হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, নিহত সালাম সকালে রডের কাজ করার সময় এক পর্যায়ে সকাল ৮টার দিকে হঠাৎ ৫ তলার ছাদ থেকে পড়ে যান। পরে সাইটের কর্মরতরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এসময় তিনি কোন নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কাজ করছিলেন।
এ বিষয়ে ডা. শংকর কুমার বিশ্বাস জানান, 'নিহতের মাথা থেতলানো ও দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্নসহ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে জানা যায়। ময়নাতদন্ত শেষে আইনী প্রক্রিয়ার মাধ্যমে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।'
রুয়েটের প্রকল্প পরিচালক অমিত রায় চৌধুরী বলেন , ‘মৃত্যুর সংবাদটি আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি। পর্যাপ্ত নিরাপত্তার ঘাটতি ছিল। আমাদের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা না করায় দায়িত্বরত ঠিকাদারকে বহিষ্কার করেছি। তাছাড়া একটা তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও প্রকল্পের দায়িত্বরত প্রকৌশলী মমিনুল ইসলামসহ সংশি¬ষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া তারা কর্মরত সকল শ্রমিককে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়েছেন।