৪ বৈশাখ, ১৪৩৩
১৭ এপ্রিল, ২০২৬

শ্যামা পূজা ও দীপাবলি উৎসব আজ

Admin Published: October 31, 2024, 12:16 am
শ্যামা পূজা ও দীপাবলি উৎসব আজ

স্টাফ রিপোর্টার: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি উৎসব আজ বৃহস্পতিবার। হিন্দু ধর্মাবলম্বীরা আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মঙ্গলময়ী, শক্তিরূপিণী শ্যামা মায়ের পূজার্চনা করবেন। একই সঙ্গে ঘরে ঘরে প্রদীপ জ্বেলে আয়োজন করা হবে দীপাবলি উৎসবের। 

কার্তিক মাসের অমবস্যা তিথিতে এ পূজা হয়ে থাকে। অশুভ শক্তির অন্ধকার ঠেলে মন্দির থেকে ভক্তের গৃহকোণে আজ জ্বলে উঠবে সহস্র প্রদীপ; আলোয় আলোকিত হবে চারদিক। অধিকাংশ দেব-দেবীর পূজা দিনে হলেও শ্যামা পূজা হয় রাতে। 

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী শ্যামা শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রতীক। সনাতন ধর্মাবলম্বীদের কাছে শ্যামা মা হচ্ছেন শক্তির প্রতীক। অসুর নিধনকারী শক্তির দেবী। তারা বিশ্বাস করেন, সব অন্ধকার দূর করে শ্যামা মা জগতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন। দেবী শ্যামা দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তাই শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রতি প্রতিষ্ঠার ক্ষেত্রে সংগ্রামের প্রতীক। ভক্তদের কাছে কালী দেবী শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ অনেক নামেই পরিচিত। 

কালীপূজার দিন হিন্দু সম্প্রদায় সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্জ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন। এটিকে বলা হয় দীপাবলি। লোকবিশ্বাস অনুযায়ী, কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এই কারণে নগরীর বিভিন্ন শ্মশানে মহাধুমধামে শ্মশানকালী পূজা অনুষ্ঠিত হবে।

শ্যামাপূজা উপলক্ষে রাজশাহী নগরীর সর্বত্র মন্দিরে ও বিভিন্ন প্রাঙ্গণে মণ্ডপ সাজানো হয়েছে। নগরীর কুমারপাড়া, সাহেববাজার, গণকপাড়া, রাজশাহী কোর্ট,কাজলা সপুরা ,তালাইমারি, ষষ্ঠীতলাসহ নগরীর অনেক এলাকায় মন্দির ও মন্ডপে বেশ ঘটা করে শ্যামা পূজা অনুষ্ঠিত হবে। নগরীর বরদা কালীমাতা মন্দির, রাজশাহী ধর্মসভা, রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠ, নাককাটী কালী মাতার মন্দির, মিলন মন্দির,সাহেব বাজার কালীমাতার মন্দির, হেতেমখাঁ হরিজন শিব মন্দির, রামচন্দ্রপুর কালীমাতার মন্দির, বৈষ্ণব সভা মন্দির, শ্রীশ্রী লক্ষী নারায়ণ দেব বিগ্রহ মন্দির, চন্ডিপুর আদি কালিস্থান দুর্গামন্দির,শিবালয় মন্দির, রাজারহাতা কালীমাতা মন্দির,শিরোইল কৃষ্ণ কালী মন্দির, মাষ্টারপাড়া কালীমাতার মন্দির, শ্রীরামপুর শিব মন্দির, ফুদকী পাড়া কালীমাতার মন্দির,রাজশাহী মহাশ্বশ্বান মন্দিরসহ নগরীরর বিভিন্ন  স্থানে  শ্যামা পূজা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় প্রয়াত নিকটজনদের মঙ্গল কামনায় জলে প্রদীপ ভাসান অনেকে। একই সঙ্গে মন্দির, মন্ডপ ও হিন্দুদের ঘরে ঘরে দীপাবলী উদযাপনের জন্য অনেকেই প্রদীপ প্রজ্বলন করেন। রাতে মন্ডপে মন্ডপে দেবী পূজার পাশাপাশি থাকবে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সঙ্গিত অনুষ্ঠান ও আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচি।