৫ বৈশাখ, ১৪৩৩
১৮ এপ্রিল, ২০২৬

তানজিন তিশার সহকারী জুলাই শহীদ আলামিনের লাশ উত্তোলন

Admin Published: March 11, 2025, 12:55 pm
তানজিন তিশার সহকারী জুলাই শহীদ আলামিনের লাশ উত্তোলন

ডিএনএন ডেস্ক: মৃত্যুর দীর্ঘ ৭ মাস পর ময়নাতদন্তের প্রয়োজনে অভিনেত্রী তানজিন তিশার সহকারী আলামিনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। তিনি জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হন।


সোমবার (১০ মার্চ) দুপুর ২টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে এবং উত্তরা পশ্চিম থানা ও শ্রীনগর থানা পুলিশের তত্ত্বাবধানে শ্রীনগর উপজেলার বালাসুর কাশেমনগর কবরস্থান থেকে আলামিনের মরদেহ তোলা হয়।


পরিবার সূত্রে জনা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই ঢাকার উত্তরায় গুলিতে নিহত হন আলামিন। পরে তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


তানজিন তিশার সহকারী জুলাই শহীদ আলামিনের লাশ উত্তোলন

পরবর্তী সময়ে ময়নাতদন্ত ছাড়াই ২০ জুলাই শ্রীনগর উপজেলার কাশেমনগর কবরস্থানে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়। ঘটনার চার মাস পর ডিসেম্বরে নিহতের বড় ভাই বাদল খলিফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। এবার আলামিনের বাবা আইয়ুব খলিফার সম্মতিতে কবর থেকে লাশ তুলে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা শাহীন মাহমুদ জানান, ময়নাতদন্তের জন্য কবর থেকে ৭ মাস পর তোলা হয়েছে শহীদ আলামিনের মরদেহ। লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে প্রেরণও করা হয়েছে।

এ সময় কবরস্থানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ ইব্রাহীম।