৮ বৈশাখ, ১৪৩৩
২১ এপ্রিল, ২০২৬

তানোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু

Admin Published: January 27, 2025, 5:47 pm
তানোরে দুই মোটরসাইকেলের  মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলার দেবীপুর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের নাম জাহিদ আলম (৪৫)। তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সের সিনিয়র এক্সিকিউটিভ। রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে কর্মরত ছিলেন তিনি। তিনি রাজশাহী নগরের শিরোইল কলোনি মহল্লা রফিকুল ইসলামের ছেলে। নিহত অন্যজনের নাম পলাশ (২৬)। তার বাড়িও রাজশাহী নগরের শিরোইলে। তার বাবার নাম জাহাঙ্গীর আলম। পলাশ মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার পেছনে জাহিদ আলম বসেছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় আহত দুজন হলেন, তানোর উপজেলা সদরের গোল্লাপাড়া মহল্লার ভূপেন (২৬) এবং একই এলাকার মো. রিয়াজ (৩০)। ভূপেনের বাবার নাম গোবিন্দ। রিয়াজের বাবার নাম মৃত ফয়েজ উদ্দিন।

তানোর থানার ওসি মিজানুর রহমান জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ইউএস বাংলার কর্মকর্তা জাহিদ আলম। আর পলাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহত দুজনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। গুরুত্বর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।