১৩ বৈশাখ, ১৪৩৩
২৬ এপ্রিল, ২০২৬

তরুণ সমাজ ‘ইনস্ট্যান্ট কফির’ মতো, গবেষণায় মনোযোগ নেই : শিক্ষামন্ত্রী

Admin Published: April 26, 2026, 5:43 pm
তরুণ সমাজ ‘ইনস্ট্যান্ট কফির’ মতো, গবেষণায় মনোযোগ নেই : শিক্ষামন্ত্রী

ডিএনএন ডেস্ক: দেশের বর্তমান তরুণ প্রজন্ম গভীর বিশ্লেষণ বা পর্যালোচনার চেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাতেই বেশি আগ্রহী বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তরুণদের এই প্রবণতাকে তিনি ‘ইনস্ট্যান্ট কফি’র সঙ্গে তুলনা করে উদ্বেগ প্রকাশ করেছেন।


রোববার (২৬ এপ্রিল) বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে গতিশীল করা এবং উদ্ভাবকদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।


শিক্ষামন্ত্রী বলেন, ‘‘দেশের মোট জনসংখ্যার ২৭ শতাংশই তরুণ। কিন্তু এই বিশাল জনগোষ্ঠী এখন ‘ইনস্ট্যান্ট কফির’ মতো আচরণ করছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিক মন্তব্য (ইনস্ট্যান্ট কমেন্ট) এবং প্রতিক্রিয়া (ইনস্ট্যান্ট রিয়েক্ট) দেখাতে অভ্যস্ত হয়ে পড়ছে। কোনো বিষয় গভীরভাবে বোঝার বা বিশ্লেষণ করার ধৈর্য ও সক্ষমতা তারা ক্রমশ হারিয়ে ফেলছে।”


মন্ত্রী প্রশ্ন তুলে বলেন, তরুণ সমাজ যদি এভাবে অগভীর চিন্তায় মগ্ন থাকে, তবে দেশ কীভাবে গবেষণার পথে এগিয়ে যাবে?


তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, “ফেসবুকে ভাইরাল হওয়া এখন অনেকের কাছে নেশার মতো হয়ে দাঁড়িয়েছে। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম পরা অবস্থায় শিক্ষক বা মন্ত্রীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করতেও তারা দ্বিধা করছে না। আমরা আমাদের তরুণদের কোন পথে নিয়ে যাচ্ছি? এই অনিয়ন্ত্রিত পরিস্থিতি সত্যিই চিন্তার বিষয়।”


তিনি আরও যোগ করেন, ফেসবুক লাইভে এসে অসংলগ্ন এবং অযাচিত মন্তব্য করার প্রবণতা বাড়ছে। কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াই কেবল প্রচার পাওয়ার জন্য তারা নানা ধরনের মন্তব্য করে সমাজকে বিভ্রান্ত করছে।


আন্তর্জাতিক মেধাস্বত্ব বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি (IP) ব্যবস্থার দুর্বলতা নিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ এই ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। প্রশাসনিক জটিলতা ও প্রক্রিয়ার দুর্বলতার কারণে দেশের উদ্ভাবন ও সৃজনশীল সম্পদগুলো অনেক সময় বিদেশের নামে নিবন্ধিত হয়ে যাচ্ছে।


তিনি বলেন, ‘আমাদের দেশের উদ্ভাবন অন্য দেশে গিয়ে ট্রেডমার্ক বা রেজিস্ট্রেশন পাচ্ছে, কিন্তু আমরা নিজেদের মেধাস্বত্ব দেশে সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পারছি না। এটি আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ।’


ইউজিসির এই আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে মন্ত্রী মেধাস্বত্ব সুরক্ষায় সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান।