ডিএনএন ডেস্ক: অস্ট্রেলিয়ার পার্থে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামীকাল সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা। এর আগে আগে আজ সকালে এক নিবিড় অনুশীলন সেশনে ঘাম ঝরিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। পার্থের ই অ্যান্ড ডি লিটিস স্টেডিয়ামে সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলে এই অনুশীলন।
সেশনের শুরুতে ওয়ার্ম-আপের পর খেলোয়াড়দের পরিকল্পিত পাসিং ও দলীয় সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়।
অনুশীলনের শেষভাগে ২০ মিনিটের একটি ইনডোর ম্যাচ (১১ বনাম ১১) আয়োজন করেন কোচ পিটার বাটলার, যেখানে খেলোয়াড়দের কৌশলগত অবস্থান ও গতির বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে।
অনুশীলন শেষে পার্থ রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে অফিসিয়াল সংবাদ সম্মেলনে অংশ নেন কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকার। তারা জানান, দলের সবাই বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন এবং কোনো ইনজুরি সমস্যা নেই।
ফুরফুরে মেজাজে থাকা দলটি আগামীকাল উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে।
আগামীকাল সোমবার স্থানীয় সময় বিকেল ৫টায় পার্থ রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে গ্রুপ পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের নজর এখন পার্থের এই মাঠের দিকে।