স্টাফ রিপোর্টার: আগাম কোনো নোটিশ ছাড়ায় সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্প হঠাৎ অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন রাজশাহী ও রংপুর বিভাগের সংশ্লিষ্ট খাতের মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
বুধবার সকাল ৮ টা থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখেছে সংগঠনটির মালিক ও শ্রমিকেরা। রাজশাহী নগরী ও জেলার সব পেট্রোল পাম্প বন্ধ পাওয়া যায়।
এতে করে জ্বালানি তেল না পাওয়ার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। হঠাৎ পেট্রোলপাম্পগুলো বন্ধ করায় বিপদে পড়েছে গাড়ী চালকরা। বিশেষ করে মোটরসাইকেল চালকরা পড়েছেন বিপাকে। যারা ধর্মঘটের খবরে আগাম জ্বালানি তেল সংগ্রহ করেছিলেন তারাই কেবল এখন মোটরসাইকেল চালাতে পারছেন।
রাজশাহীর মোটরসাইকেল চালক ইব্রাহীম বলেন, আমার তেল শেষ হয়ে যাওয়ায় গোদাগাড়ী ফিলিং স্টেশন পাম্পে গেলে আমি তেল নিতে পারিনি। অল্প তেল থাকায় মোটারসাইকেল বাড়ীতে রেখে দিয়েছি। রাস্তাঘাটে তেল শেষ হয়ে গেলে বিপদ এড়াতে এই কাজ করতে বাধ্য হয়েছি।
জিয়া নামের একজন ব্যবসায়ী জানান, কৃষি জমিতে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হই। তেল শেষ হওয়ায় পেট্রোলপাম্পে গিয়ে দেখি রশি টাঙ্গিয়ে পাম্প ঘিরে রাখা হয়েছে। বাধ্য হয়ে খোলা বাজারে বেশী দামে বোতলের তেল কিনে চালাতে হয়েছে।
এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের সভাপতি মো. মিজানুর রহমান রতন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রল পাম্প মালিকদের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো ধরনের পূর্বঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি না দিয়ে আকস্মিক উচ্ছেদ অভিযান চালিয়েছে। এই অযৌক্তিক ও অন্যায় অভিযানের ফলে পেট্রল পাম্প মালিকরা চরম হতাশ ও ক্ষুব্ধ বলে জানান পেট্রোল পাম্প মালিক ও শ্রমিকেরা।