অর্থহীন ব্যান্ড প্রধান সাইদুস সালেহীন সুমন। সবাই চেনন বেজবাবা সুমন
নামে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটা স্থিরচিত্র
ছড়িয়ে পড়েছে। ছবিতে তাকে বেশ রোগা-পাতলা দেখাচ্ছে।
ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের চিন্তা দূর করে চমক দিলেন বেজবাবা। বললেন তিনি
এখন ক্যানসারমুক্ত। জানালেন ৭০ কেজি ওজন কমানোর
কথা।
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করা সুমন এখন শংকামুক্ত। সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ফেসবুকে একটি পোস্ট
দেন এই মিউজিশিয়ান।
সেখানে তিনি লিখেছেন, ‘আমি ভয়াবহ অসুস্থ নই। আমার শরীরে কোনো প্রকার ক্যানসার আর নেই। আমার স্পাইনে সমস্যা আছে, যার জন্য ভবিষ্যতেও সার্জারি
লাগবে। কিন্তু এটা এত ভয়াবহ না যে আমি মারা
যাচ্ছি অথবা আমি আর কনসার্ট করতে পারব না।
সুমন বলেন, ‘আমি গত ২ বছরে প্রায় ৭০ কেজি কমিয়েছি শুধু ফুড, মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট খেয়ে। মানতে হয়েছে অসম্ভব রকম একটি লো ক্যালোরি ডায়েট। কারণ, আমার স্পাইন ঠিক রাখতে হলে আমার বডির ওপরের অংশের ওজন অনেক কম রাখতে হবে, যাতে স্পাইনে চাপ না পড়ে। সাধারণ মানুষের মতো ওজন মেনটেইন করলে হবে না। আমার কিছুটা আন্ডার ওয়েট থাকতে হবে। তাই আমার ওজন অনেক কমাতে হয়েছে। ওজন কমানোর সঙ্গে সঙ্গে অনেক বছর পর ক্লিন সেভ করেছি দেখে আমাকে আরও অনেক বেশি শুকনা লাগছে।’
ভক্তদের উদ্দেশ্যে তিনি লিখেন, ‘আমাকে এখন অনেক শুকনো দেখে আপনারা যেভাবে টেনশন করছেন, সেটা করাটা ঠিক হচ্ছে না। অনর্থক মানসিক টেনশন নিচ্ছেন। যখন আমার রিয়েল বিপদ আসবে, তখন দোয়া কইরেন। কারণ, আপনাদের ভালোবাসা ও দোয়ার কারণেই এখনো সকালে ঘুম থেকে উঠে বলতে পারি “লাইফ ইজ বিউটিফুল”।