স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. নুরুজ্জামান লিটন বলেছেন, বাংলাদেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশই হচ্ছে যুবক। দেশে এখন প্রায় ২৭ লক্ষ বেকার যুবক রয়েছে। কিন্তু সেই তুলনায় দেশে কর্মসংস্থান নাই। ফলে যুবকরা হতাশার মাঝে নিমজ্জিত হচ্ছে। এ অবস্থায় যুবকদের শুধু চাকরির পিছনে না ছুটে ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তা হওয়ার প্রচেষ্টা চালাতে হবে।
বিগত গণঅভ্যুত্থানে যুবকদের ভূমিকা অপরিসীম, আগামীতেও সুন্দর সমাজ বিনির্মাণে যুবকরা অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন নুরুজ্জামান লিটন।
মঙ্গলবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে বিশ্ব যুব দিবস উপলক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যেগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন।
পুঠিয়া উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুর রাকিবের সভাপতিত্বে আয়োজিত যুব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল মান্নান।
সমাবেশে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও শতাধিক যুবক উপস্থিত ছিলেন।