স্টাফ রিপোর্টার :রাজশাহীর চারঘাটের বড়াল নদ থেকে ভাসমান এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে বড়াল নদের স্লুইসগেট এলাকা থেকে অন্তত ২৫ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করে নৌ পুলিশ। তবে তার পরিচয় সনাক্ত করা যায়নি।
পুলিশ জানায়, বুধবার সকালের দিকে চারঘাট বাজার বড়াল নদের স্লুইসগেটে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে নৌ ও থানা পুলিশকে খবর দিলে দুপুরে নৌ পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নৌ পুলিশ চারঘাট ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, লাশ উদ্ধারের পর আমরা আশেপাশের এলাকায় খোঁজ নিয়েছি। কেউ পরিচয় সনাক্ত করতে পারে নি। লাশের ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চারঘাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।