৭ অগ্রহায়ণ, ১৪৩৩
২২ নভেম্বর, ২০২৬
News Banner

এআই আতঙ্কে বিশ্ববাজার থেকে উধাও ৯ লাখ কোটি ডলার

Admin Published: November 21, 2026, 5:06 pm
এআই আতঙ্কে বিশ্ববাজার থেকে উধাও ৯ লাখ কোটি ডলার

ডিএনএন ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। এর প্রভাব পড়েছে স্বর্ণ, তামা ও বিভিন্ন দেশের মুদ্রাবাজারেও। গত কয়েক মাসের দরপতন চলতি সপ্তাহে আরও তীব্র হয়েছে।বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পর থেকে বিশ্বজুড়ে শেয়ারবাজারের মোট বাজারমূল্য থেকে প্রায় ৯ লাখ কোটি ডলার কমে গেছে। এ সপ্তাহে তাইওয়ানের শেয়ারবাজারে দরপতন হয়েছে ১৭ শতাংশ, যা ১৯৯০-এর দশকের শুরুর পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।


বিশ্লেষকদের মতে, এআই ও প্রযুক্তি কোম্পানির শেয়ারের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় বাজারে একধরনের বুদ্‌বুদ তৈরি হয়েছে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছিল। বছরের মাঝামাঝি সময় থেকেই এ নিয়ে আলোচনা শুরু হয়। তবে গত মাসে যুক্তরাষ্ট্রসহ বড় অর্থনীতিগুলোতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে—এমন ধারণা তৈরি হওয়ার পর বিক্রির চাপ বাড়তে থাকে।



বাজারে অস্থিরতা বাড়ার পেছনে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতিও ভূমিকা রেখেছে। চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধাক্কা খাওয়ায় দেশটিতে নতুন তথ্যকেন্দ্র (ডেটা সেন্টার) নির্মাণের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এআই প্রযুক্তি পরিচালনায় এসব তথ্যকেন্দ্র গুরুত্বপূর্ণ।


এর মধ্যে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের আকস্মিক পদত্যাগের খবরও বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করেছে। এআই শিল্পে অর্থায়নের ক্ষেত্রে এনভিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 


শেয়ারবাজারের অস্থিরতা বোঝার অন্যতম সূচক যুক্তরাষ্ট্রের ভিআইএক্স শুক্রবার ৩০ পয়েন্টে পৌঁছেছে। গত মার্চের শেষ দিকের পর এটি সর্বোচ্চ। বাজারের আরও দরপতনের আশঙ্কায় বিনিয়োগকারীরা নিজেদের অর্থ সুরক্ষিত রাখতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন।


শুধু শেয়ারবাজার নয়, ধাতুর বাজারেও বড় প্রভাব পড়েছে। এআই তথ্যকেন্দ্র নির্মাণে ব্যাপক ব্যবহারের কারণে তামার চাহিদা বেড়েছিল। কিন্তু চলতি সপ্তাহে তামার দাম এমনভাবে কমেছে, যাতে ২০২৫ সালের এপ্রিলের পর সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের আশঙ্কা তৈরি হয়েছে।


এদিকে চলতি বছরের মূল্যস্ফীতির উদ্বেগের অন্যতম কারণ তেলের দাম হলেও সাম্প্রতিক বাজার অস্থিরতায় তেলের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। প্রতি ব্যারেল তেল ৯০-৯৪ ডলারের মধ্যে ওঠানামা করছে।


অন্যদিকে সরকারি বন্ডের বাজারে কিছুটা ইতিবাচক পরিস্থিতি দেখা গেছে। বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের আশায় সরকারি বন্ডের দিকে ঝুঁকছেন। যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার চলতি সপ্তাহে ১৭ বেসিস পয়েন্ট কমেছে। বন্ডের দাম বাড়লে সাধারণত এর সুদহার কমে।


তবে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণও এবার বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। শুক্রবার স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ কমে ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।


এদিকে মার্কিন ডলারের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। বিশ্বের প্রধান ছয়টি মুদ্রার বিপরীতে ডলারের মূল্য পরিমাপের সূচক চলতি সপ্তাহে ১৯ মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরে ইউরোর বিপরীতে ডলারের দাম প্রায় ৭ শতাংশ বেড়েছে। জাপানি ইয়েনের বিপরীতে বেড়েছে ৩ শতাংশ এবং ব্রিটিশ পাউন্ড, কানাডীয় ডলার ও নিউজিল্যান্ড ডলারের বিপরীতে বেড়েছে ৪ থেকে ৫ শতাংশ।


উদীয়মান অর্থনীতির দেশগুলোর মুদ্রাও চাপের মুখে পড়েছে। ব্রাজিলের মুদ্রার দাম চলতি মাসে ৮ শতাংশের বেশি কমেছে। অন্যদিকে এআই প্রযুক্তির বিকাশের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ইসরায়েলের মুদ্রা শেকেলের দাম কমেছে প্রায় ৫ শতাংশ।


সূত্র: রয়টার্স।