৭ অগ্রহায়ণ, ১৪৩৩
২২ নভেম্বর, ২০২৬
News Banner

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৪১

Admin Published: November 21, 2026, 1:28 pm
ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৪১

ডিএনএন ডেস্ক: সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির হুথি গোষ্ঠী। শুক্রবার স্থানীয় সময় লোহিত সাগরের উপকূলীয় বন্দরনগরী হুদাইদাহসহ ইয়েমেনের বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। সৌদি জোট অভিযানটিকে ‘বিশেষ অভিযান’ হিসেবে উল্লেখ করেছে।সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, হুদাইদাহ বন্দরে অস্ত্র ও অন্যান্য সামগ্রী চোরাচালানের কাজে ব্যবহৃত স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ছাড়া ইয়েমেনের রাজধানী সানা এবং সা'দা ও তাইজ প্রদেশেও বিমান হামলা চালানো হয়।


অন্যদিকে, হুদাইদাহ বন্দরে হামলা চালানো হলে সৌদি আরবের জেদ্দাসহ লোহিত সাগরের উপকূলবর্তী অন্যান্য বন্দরে পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছিল হুথিরা। একই সঙ্গে সৌদি আকাশসীমাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছিল গোষ্ঠীটি। সৌদি রাজধানী রিয়াদের আর্থিক জেলাসহ আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলার হুঁশিয়ারি দিয়েছিল তারা।


সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, হুদাইদাহ বন্দরে চোরাচালান এবং অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত স্থাপনাগুলোর সক্ষমতা নষ্ট করতেই এ হামলা চালানো হয়েছে।


তিনি আরও বলেন, রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং একটি সরবরাহ ডিপোসহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে জোটের বাহিনী।


পরে এক পৃথক বার্তায় তুর্কি আল-মালকি জানান, ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ক্ষেপণাস্ত্র দুটির ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় গিয়ে পড়েছে।


এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর ইয়েমেনের মোখা শহরে ক্ষতিগ্রস্ত একটি বিদ্যুৎকেন্দ্রের ছবি সম্প্রচার করেছে হুথি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ।