স্টাফ রিপোর্টার : এবার রাজশাহী, চাপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। ন্যায্য বেতনের দাবিতে তারা সোমবার সকাল থেকে এই কর্মসূচি পালন করছেন। ফলে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ, হানিফ পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন এ রুটে বাসে চলাচলকারী যাত্রীরা।
বাস চালক ও শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাতায়াতে একজন বাস চালককে ১৩৫০, সুপারভাইজারকে ৫৭০ এবং হেলপারকে ৫৩০ টাকা দেয় বাস মালিকরা। গত ১৫ বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। দফায় দফায় বাস মালিকদের সঙ্গে বসেও সমস্যার সমাধান হয়নি। তাই সোমবার ভোর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট চলাচলকারী সব বাস বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন তারা। তবে এ রুটে চলাচলকারী একতা পরিবহনের বাস চলাচল করছে।
এদিকে হঠাৎ বাস বন্ধ হওয়ার কারনে বিপাকে পড়েছেন যাত্রীরা। তবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই রুটে বাস চলাচল করবে না বলে জানিয়েছে আন্দোলনকারীরা। এর আগে, একই দাবিতে একদিনের জন্য বন্ধ ছিলো রাজশাহী-ঢাকা রুটের বাস।