২৩ কার্তিক, ১৪৩৩
০৭ নভেম্বর, ২০২৬

জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

Admin Published: September 8, 2025, 11:39 am
জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ডিএনএন ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমর্ত্য রায় রিটটি দায়ের করেন। চলতি সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই রিটের শুনানি করবেন। জাকসু নির্বাচনে বিভিন্ন পদে ১৭৯ জন প্রার্থী চূড়ান্ত অনুমোদন পেয়েছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ১০ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।


বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এক সংবাদ সম্মেলনে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রশিদুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।


এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক মাফরুহি সাত্তার ও অধ্যাপক ড. খ. লুৎফুল এলাহী।


চূড়ান্তপ্রার্থী তালিকায় দেখা যায়, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৯ জন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে ৬ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৮ জন, সাংস্কৃতিক সম্পাদক পদে ৮ জন, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে ৮ জন, নাট্য সম্পাদক পদে ৫ জন এবং ক্রীড়া সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।


এছাড়া সহ-ক্রীড়া সম্পাদক (নারী ও পুরুষ) পদে ৬ জন করে, তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ৭ জন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে ৮ জন, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (নারী ও পুরুষ) পদে ৭ জন, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে ৭ জন এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত হয়েছেন।


ইতোমধ্যে নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত ৩টি নির্বাহী সদস্য পদের জন্য ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং পুরুষ শিক্ষার্থীদের জন্য ৩টি নির্বাহী সদস্য পদের জন্য ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।


এ নির্বাচনে মোট ৪৬ জন নারী প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে জিএস পদের জন্য দুই প্রার্থী রয়েছেন।


নির্বাচনী তফসিল অনুসারে, আজ ২৯ আগস্ট থেকে আগামী ৯ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রচারণা চলবে। 


এরপর ভোটগ্রহণ হবে ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।