৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

‘জ্বালানির দাম বাড়াবে না সরকার’

Admin Published: March 25, 2026, 1:03 pm
‘জ্বালানির দাম বাড়াবে না সরকার’

ডিএনএন ডেস্ক: দেশে এই মুহূর্তে জ্বালানি তেলের সংকট নেই। জ্বালানি তেলের মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।


তথ্যমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য সংঘাতে অন্যান্য দেশের মতো বাংলাদেশও কঠিন পরিস্থিতির মুখে আছে। তবে দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই এবং জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি না কেনার আহ্বান জানাই।


তিনি বলেন, গার্মেন্টস খাতে এবার ঈদের আগে কোনো শ্রমিক অসন্তোষ দেখা যায়নি। শ্রমিকদের বেতন ও বোনাস সময়মতো পরিশোধ করা হয়েছে। এ জন্য সরকারের পক্ষ থেকে ২৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।


তথ্যমন্ত্রী বলেন, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে; যার ৮০ ভাগই নারী। তাদের সবাইকে ই-হেলথ কার্ড প্রদানের পরিকল্পনা চলছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার সচেষ্ট রয়েছে। পাশাপাশি চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং অবৈধ দোকানপাট বন্ধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি বলেন, সর্বসম্মতভাবে জুলাই মাসের যুদ্ধপরিস্থিতিতে যোদ্ধাদের দায়মুক্তি দেওয়া হবে। আগামী সংসদ অধিবেশনে এ-সংক্রান্ত আইন পাস করা হবে।


জহির উদ্দিন স্বপন বলেন, দেশের বিমানবন্দরেও আধুনিক সুবিধা চালু হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বড় বড় বিমানবন্দরে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। শাহজালালের তৃতীয় টার্মিনাল শিগগিরই চালু করা হবে।