৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

মাদ্রাসাছাত্রকে বলাৎকার, গ্রেপ্তার শিক্ষক ৫ দিনের রিমান্ডে

Admin Published: May 21, 2026, 6:28 pm
মাদ্রাসাছাত্রকে বলাৎকার, গ্রেপ্তার শিক্ষক ৫ দিনের রিমান্ডে

ডিএনএন  ডেস্ক: রাজধানীর রামপুরায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনা মামলায় শিক্ষক শিহাব হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান।


এদিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে তাকে হাজতখানায় নেওয়ার পথে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।


এর আগে বুধবার রাতে পাবনার বেড়া থানার খাকছাড়া গ্রাম থেকে শিহাবকে গ্রেপ্তার করা হয়।


মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ মে রাত ১০টার দিকে রামপুরা থানাধীন বনশ্রীর সি-ব্লকে আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শৌচাগার থেকে আব্দুল্লাহ নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটি গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার করেছিল। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের সময় দেখা যায়, তার পায়ুপথে ছিল অস্বাভাবিক যৌনাচারের চিহ্ন।


বিষয়টি নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানায়, মাদ্রাসাছাত্র শিহাব হোসেন আগেও প্রতিষ্ঠানের আরও চারজন ছাত্রকে বলাৎকার করেছেন। কিন্তু শিশু আব্দুল্লাহর মৃত্যুর পর থেকে তিনি পলাতক। এ ঘটনায় আব্দুল্লাহর মা মোছাম্মৎ টুকু আরা খাতুন রামপুরা থানায় শিহাব ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা করেন।