নুরুজ্জামান : প্রযুক্তির উৎকর্ষ মানুষের জীবনকে করেছে সহজ, গতিশীল ও স্বাচ্ছন্দ্যময়। মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা সম্ভব হচ্ছে মুঠোফোনের মাধ্যমে। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, তথ্য আদান-প্রদানসহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে মোবাইল ফোনের অবদান অনস্বীকার্য। কিন্তু যে প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করার কথা, সেই প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারই আজ মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে নানা সংকট তৈরি করছে। বিশেষ করে মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি-ক্রমেই দুর্বল করে দিচ্ছে মানুষের পারস্পরিক সম্পর্ক ও সামাজিক বন্ধন।
কয়েক দিন আগে একটি জায়গায় ঘুরতে গিয়ে চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। একটি চায়ের দোকানের সামনে পাঁচজন তরুণ পাশাপাশি বসে আছেন। পাঁচজনের হাতেই পাঁচটি মোবাইল ফোন। কেউ ফেসবুকে ব্যস্ত, কেউ গেম খেলছেন, কেউবা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটাচ্ছেন। অথচ কেউ-ই কারও সঙ্গে কথা বলছেন না। একসঙ্গে বসেও যেন প্রত্যেকে বিচ্ছিন্ন একটি জগতে বসবাস করছেন। দৃশ্যটি দেখে মনে প্রশ্ন জাগল ? আমরা কি ধীরে ধীরে সামনাসামনি কথা বলার অভ্যাসটুকুও হারিয়ে ফেলছি ?
একসময় চায়ের দোকান ছিল মানুষের মিলনমেলা। সেখানে বন্ধুদের আড্ডা, সামাজিক আলোচনা, হাসি-ঠাট্টা ও নানা বিষয়ে মতবিনিময় হতো। এখন অনেক জায়গায় সেই আড্ডার জায়গা দখল করে নিয়েছে মোবাইলের পর্দা। মানুষ কাছাকাছি বসে থেকেও মানসিকভাবে অনেক দূরে চলে যাচ্ছে। এই প্রবণতার প্রভাব পড়ছে পারিবারিক জীবনেও। স্বামী-স্ত্রী একই ঘরে বসবাস করলেও অনেক সময় দুজনের মনোযোগ থাকে নিজ নিজ মোবাইল ফোনে। একে অপরকে সময় দেওয়ার পরিবর্তে তাঁরা ব্যস্ত থাকেন ভার্চুয়াল জগতে। কোথাও কোথাও মোবাইলের পাসওয়ার্ড, ব্যক্তিগত বার্তা কিংবা ফোন ব্যবহারের গোপনীয়তা নিয়ে তৈরি হচ্ছে সন্দেহ ও অবিশ্বাস। এমনকি ছোটখাটো বিষয় নিয়েও দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। অথচ একটি সুন্দর সংসারের মূল ভিত্তি হচ্ছে পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতা। প্রযুক্তির অপব্যবহারে সেই ভিত্তি দুর্বল হয়ে পড়া কোনোভাবেই কাম্য নয়।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, তরুণ প্রজন্মের একটি অংশ মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে। ফেসবুক, টিকটক, অনলাইন গেম ও বিভিন্ন বিনোদনমূলক অ্যাপে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করছে তারা। আবার অনেক যুবক ইমো-বিকাশ হ্যাকিং করে মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে। নানা কারণে অনেকের পড়াশোনা, খেলাধুলা, বই পড়া, সৃজনশীল কর্মকাণ্ড ও সামাজিক দায়িত্ব পালনের প্রতি আগ্রহ কমে যাচ্ছে। দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের কারণে ঘুমের ব্যাঘাত, মনোযোগের ঘাটতি, চোখের সমস্যা এবং শারীরিক নিষ্ক্রিয়তার মতো সমস্যাও দেখা দিতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকগণ।
শিশু-কিশোরদের ক্ষেত্রেও বিষয়টি বিশেষভাবে ভাবনার দাবি রাখে। অনেক অভিভাবক শিশুকে সাময়িকভাবে ব্যস্ত রাখতে তার হাতে মোবাইল তুলে দেন। কিন্তু সেই সাময়িক অভ্যাস কখন যে নির্ভরশীলতায় পরিণত হয়, তা অনেকেই বুঝতে পারেন না। একসময় শিশুরা মাঠে খেলাধুলা, বন্ধুদের সঙ্গে মেলামেশা কিংবা বই পড়ার পরিবর্তে মোবাইলের পর্দায় সময় কাটাতে অভ্যস্ত হয়ে পড়ে। এতে তাদের স্বাভাবিক সামাজিক বিকাশ ও সৃজনশীলতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে প্রযুক্তিকে দায়ী করে এর ব্যবহার বন্ধ করে দেওয়াই সমাধান নয়। বরং প্রয়োজন প্রযুক্তির সঠিক ও নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করা। মোবাইল ফোন আমাদের প্রয়োজনীয় কাজের সহায়ক হবে, কিন্তু তা যেন আমাদের জীবনের নিয়ন্ত্রক হয়ে না ওঠে।
পরিবারের সদস্যদের একসঙ্গে সময় কাটানো, খাবার টেবিলে মোবাইল ব্যবহার থেকে বিরত থাকা, শিশুদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তরুণদের বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোরও দায়িত্ব রয়েছে। প্রযুক্তির উন্নয়ন তখনই অর্থবহ হবে, যখন তা মানুষের জীবনকে সমৃদ্ধ করবে, মানবিক সম্পর্ককে দুর্বল করবে না। একটি মোবাইল ফোনের মাধ্যমে পৃথিবীর লাখো মানুষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলেও পাশের মানুষটির সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখতে না পারা আমাদের জন্য বড় ব্যর্থতা। ভার্চুয়াল জগতে হাজারো বন্ধু থাকার চেয়ে বাস্তব জীবনে কয়েকজন আন্তরিক মানুষের সান্নিধ্য অনেক বেশি মূল্যবান।
তাই সময় এসেছে নিজেদের অভ্যাস পরিবর্তনের। মোবাইল ব্যবহার করি প্রয়োজন ও প্রয়োজনীয় বিনোদনের জন্য, কিন্তু এর নেশায় যেন পরিবার, সমাজ ও প্রিয়জনদের ভুলে না যাই। মনে রাখতে হবে, প্রযুক্তি মানুষের জন্য, মানুষ প্রযুক্তির জন্য নয়। মোবাইল আমাদের হাতে থাকুক, কিন্তু আমাদের জীবন যেন মোবাইলের হাতে বন্দি না হয়ে পড়ে। কারণ, মানবিক সম্পর্কের উষ্ণতা কোনো স্মার্টফোনের পর্দায় পাওয়া যায় না।