ডিএনএন ডেস্ক: তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের সফরের দ্বিতীয় দিন সকালেই সম্মেলনস্থলে পৌঁছে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এর আগে বুধবার (১১ নভেম্বর) রাতে সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে ‘রূপান্তরমূলক’ (ট্রান্সফরমেটিভ) হিসেবে বিবেচনা করছেন বিশ্বনেতারা।
১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে প্রধানমন্ত্রীর ভূমিকা এবং তাঁর গণতান্ত্রিক ম্যান্ডেটকে আন্তর্জাতিক মহল অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাঁকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার ও যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেছেন।
বুধবার দিনভর কপ-৩১-এর উদ্বোধনী ও প্লেনারি সেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ ছাড়া সম্মেলনস্থলে এক অত্যন্ত আন্তরিক পরিবেশে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ব্রাজিলের প্রেসিডেন্ট, মালদ্বীপের প্রেসিডেন্ট, ইরানের প্রেসিডেন্ট, সিরিয়ার প্রেসিডেন্ট, সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী, ওআইসি মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট।
বৈঠকগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও ঐকমত্য হয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে, মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগিরই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার প্রেসিডেন্ট তাঁর দেশের পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের কাছে সহযোগিতা চেয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জোর দেওয়া হয়েছে ঐতিহ্যগত সম্পর্ক ও বিনিয়োগ বাড়ানোর ওপর। এ ছাড়া ওআইসি মহাসচিবের সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় (দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান) বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথাও জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করায় সেখানকার মেয়র তাঁর সঙ্গে সাক্ষাতের বিশেষ আগ্রহ প্রকাশ করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে বিশ্বনেতাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই নিবিড় যোগাযোগ আন্তর্জাতিক কূটনীতিতে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।