স্টাফ রিপোর্টার: রাজশাহী: শিশু যৌন শোষণ তদন্ত, ট্রমাটাইজেশন ও ভিকটিমহুড এবং শিশু-বান্ধব আদালত পদ্ধতি বিষয়ে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার এসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) প্রশিক্ষণ কক্ষে “ট্রেনিং ফর ল এনফোর্সমেন্ট অফিশিয়ালস অন এসইসি ইনভেস্টিগেশন, ট্রমাটাইজেশন অ্যান্ড ভিকটিমহুড অ্যান্ড/অর চাইল্ড ফ্রেন্ডলি কোর্ট রুম প্রসিডিউরস” শীর্ষক এই প্রশিক্ষণ আয়োজিত হয়।
নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা ফ্রি আ গার্ল ( Free A Girl ) এবং জিইম্যানের (ZEEMAN) সহযোগিতায় এসিডি প্রশিক্ষণটি বাস্তবায়ন করে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অন্তর্ভুক্ত বিভিন্ন থানার নারী ও শিশু বিষয়ক হেল্প ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ মোট ২০ জন পুলিশ সদস্য এতে অংশ নেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন আরএমপির সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম অপস অ্যান্ড প্রসিকিউশন) সীমা খানম এবং আরএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোছাঃ শাহানারা খাতুন।
প্রশিক্ষণে শিশু যৌন শোষণ ও নির্যাতনের ঘটনা শনাক্তকরণ ও তদন্ত প্রক্রিয়া, ভুক্তভোগী শিশুর ট্রমা ও মানসিক অবস্থার প্রতি সংবেদনশীল আচরণ এবং ভিকটিমহুডের ধারণা নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া শিশুর বক্তব্য গ্রহণে করণীয়, প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ, গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিশু-বান্ধব আদালত পদ্ধতি বিষয়েও ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। শাহমখদুম থানার উপপরিদর্শক (এসআই) মোসাঃ মনোয়ারা খাতুন বলেন, “আজকের এই প্রশিক্ষণ আমাদের পেশাগত কাজকে আরও উন্নত করবে। শিশুদের প্রতি সংবেদনশীল থেকে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করে আমরা সেবা দিতে পারব।”
পবা থানার এসআই সুমাইয়া বেগম লাকী বলেন, “আজকের প্রশিক্ষণ থেকে পাওয়া জ্ঞান আমাদের আরও সমৃদ্ধ করবে। শিশুদের শিশু-বান্ধব সেবা দিতে আমরা আরও সক্রিয় হব।”