২৮ কার্তিক, ১৪৩৩
১২ নভেম্বর, ২০২৬
News Banner

রাশমিকা-বিজয়ের ‘রানাবালি’

Admin Published: November 12, 2026, 2:47 pm
রাশমিকা-বিজয়ের ‘রানাবালি’

ডিএনএন ডেস্ক: এ যেন ইতিহাস খুঁড়ে তুলে আনা এক ফসিল। যার স্পর্শ মনে করিয়ে দেয় সেই সময়কে, যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের নির্মমতায় রচিত হয়েছিল ভয়াবহ এক দুর্ভিক্ষের গল্প। না, কোনো কাল্পনিক ঘটনার আশ্রয়ে নয়, সে গল্প রচিত হয়েছিল করুণ বাস্তবতাকে উপজীব্য করে। একই সঙ্গে সেই গল্প হয়ে উঠেছে বীরের। যার নাম রানাবালি। আর সেই রণবালিকে এবার চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন নির্মাতা রাহুল সাংকৃত্যন। সিনেমাপ্রেমীদের সুযোগ করে দিচ্ছেন আরও একবার ইতিহাসের পাতা উল্টে দেখার। যার প্রেক্ষাপট সতেরো শতকের পাঁচের দশকের; যখন খরা এবং ঔপনিবেশিক প্রশাসনের শস্য রপ্তানি নীতির জেরে দুর্ভিক্ষে বিপর্যন্ত হয়ে পড়েছেন সিঙ্গানামালা গ্রামের বাসিন্দারা।


যদিও সিঙ্গানামালা নামে কোনো গ্রামের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না; কারণ চলচ্চিত্রের জন্য কাল্পনিক এই নামটি ব্যবহার করা হয়েছে। তবে স্থান কাল্পনিক হলেও কাহিনির বিস্তার সত্যি ঘটনাকে ঘিরে। যেখানে ১৮৭০ খ্রিস্টাব্দের পটভূমিতে দেখি, সিঙ্গানামালা গ্রাম থেকে শুরু করে রায়লসীমা অঞ্চলের লাখ লাখ মানুষ অনাহারে জর্জরিত, তখনও ব্রিটিশদের শোষণ অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে নিজের গ্রাম, স্ত্রী এবং অসহায় মানুষদের বাঁচাতে অস্ত্র তুলে নিয়েছে রণবালি। জাতীয়তাবাদী আদর্শের চেয়ে তাঁর লড়াইয়ের মূল শক্তি হয়ে ওঠেছে সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা।


রণবালি এক দুর্ধর্ষ যোদ্ধা। ঘোড়সওয়ারে তাঁর সঙ্গে প্রতিযোগিতা করে ওঠার মতো রায়লসীমা অঞ্চলে দ্বিতীয় কেউ নেই। কিন্তু তাঁর সাহস ও শক্তিমত্তাকে ইংরেজদের দাসত্বে নয়, ব্যবহার করতে চায় সাধারণ অসহায় মানুষদের কল্যাণে। আর এখানেই ব্রিটিশরাজের সঙ্গে তাঁর বিরোধ। তাই রণবালি যখনই দুর্ভিক্ষপীড়িত মানুষের পক্ষ হয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করে, তখন ইংরেজ বাহিনীর মধ্যে শুরু হয় তুমুল লড়াই। যার পরিপ্রেক্ষিতে প্রতিনিয়ত জন্ম নিতে থাকে নতুন ঘটনার। ক্ষুধা ও প্রতিরোধের এমনই গল্প নিয়ে নির্মিত ‘রণবালি’ এরই মধ্যে দর্শক মনোযোগ কেড়ে নিয়েছে। যে কারণে গত অক্টোবরে মুক্তি পাওয়া এই সিনেমাটি আজ নতুন করে তুলে আনা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। যেখানে দর্শক মূল তেলেগু ভাষা ছাড়াও বাংলা (ডাবড সাবটাইটেলসহ), হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম- এই পাঁচটি ভাষায় সিনেমাটি উপভোগ করতে পারবেন।


চলচ্চিত্রবোদ্ধাদের মতে, ‘রণবালি’ বিজয় দেবরাকোন্ডার ক্যারিয়ারে নতুন করে জোয়ার এনেছে। কারণ সিনেমায় তাঁর পরিশ্রম চোখে পড়ার মতো। রায়লসীমার কথ্যভাষায় সংলাপ বলা থেকে শুরু করে অ্যাকশন দৃশ্যের প্রস্তুতি, সব ক্ষেত্রেই তাঁর নিষ্ঠা স্পষ্ট। সিনেমার প্রথমার্ধে প্রেমিক, স্বামী এবং সমাজের একজন সদস্য হিসেবে তাঁকে বেশ সাবলীল লাগে। কিন্তু দ্বিতীয়ার্ধে চরিত্রটি যখন শুধুই বিদ্রোহী যোদ্ধার রূপ নেয়, তখন অভিনয়ে রাগ, ন্যায়বোধ ও জেদের বাইরে নতুন কোনো আবেগ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।


অন্যদিকে, জয়াম্মার চরিত্রে রাশমিকা মান্দানা সিনেমার অন্যতম সেরা প্রাপ্তি। দুর্ভিক্ষের মধ্যেও অন্যের মুখে খাবার তুলে দেওয়া, স্বামীর পাশে দাঁড়ানো এবং অন্তঃসত্ত্বা অবস্থাতেও লড়াই চালিয়ে যাওয়া প্রতিটি মুহূর্তে চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন তিনি। বিজয়-রাশমিকার রসায়নও ছবির সবচেয়ে আকর্ষণীয় দিক। তাদের ঘরোয়া মুহূর্ত, কথোপকথন ও প্রেমের দৃশ্যগুলো অনেক সময় যুদ্ধের দৃশ্যের চেয়েও বেশি হৃদয় ছুঁয়ে যায়। যদিও চলচ্চিত্র সমালোচকদের অনেকে অভিনেতা-অভিনেত্রীদের হিংসাত্মক রূপ তুল ধরার বিষয়টি সিনেমাটির দুর্বল দিক বলে উল্লেখ করেছেন।


তাদের মতে, হিংসা দেখানো আর সেই হিংসার যন্ত্রণা দর্শককে অনুভব করানোর মধ্যে যে পার্থক্য রয়েছে, পরিচালক তা সবসময় বজায় রাখতে পারেননি। দুর্ভিক্ষের ভয়াবহতা এবং সাধারণ মানুষের দুর্দশা আরও গভীরভাবে তুলে ধরার সুযোগ থাকলেও বারবার লড়াইয়ের দৃশ্য সেই আবেগকে ছাপিয়ে গিয়েছে। দ্বিতীয়ার্ধের কিছু দৃশ্যে নারী, শিশু ও গ্রামবাসীর ওপর অত্যাচার এতটাই দীর্ঘ ও তীব্র হয়ে উঠেছে যে, দর্শক আবেগতাড়িত হওয়ার বদলে একসময় অনুভূতিশূন্য হয়ে পড়েন।


একই সঙ্গে সামালোচকরা তাদের বক্তব্যে চিত্রনাট্যেও পুনরাবৃত্তি বিষয়টি উল্লেখ করেছেন। এ নিয়ে তাদের ভাষ্য, একই বক্তব্য বারবার তুলে ধরার ফলে ‘রণবালি’র গল্পের গতি ধীর হয়ে গেছে। তবে ১৮৭০-এর দশকের রায়লসীমাকে পর্দায় ফুটিয়ে তোলার ক্ষেত্রে প্রোডাকশন ডিজাইন, নীরব শাহ ও যিশু ভট্টাচার্যের সিনেমাটোগ্রাফি প্রশংসনীয়। একইভাবে প্রশংসার দাবিদার আরনল্ড ভাসলু, ঐশ্বরী রাও, রাজ রবীন্দ্রসহ আরও কয়েকজন অভিনয়শিল্পী। সব মিলিয়ে, ইতিহাসের বিস্মৃত অধ্যায়কে দর্শকের সামনে তুলে ধরার আন্তরিক চেষ্টা রয়েছে ‘রণবালি’-তে। এখন তাই দেখার অপেক্ষা ওটিটির দর্শকরা সিনেমাটিকে কীভাবে গ্রহণ করেন।