৯ কার্তিক, ১৪৩৩
২৪ অক্টোবর, ২০২৬

অপূর্ব-নিহার ভালো আছো তো?

Admin Published: October 24, 2026, 1:21 pm
অপূর্ব-নিহার ভালো আছো তো?

ডিএনএন ডেস্ক: ভালোবাসার শুরুটা যতটা মধুর, তার শেষটা কখনো কখনো ততটাই বেদনাদায়ক। কিছু সম্পর্ক ভেঙে গেলেও থেকে যায় স্মৃতি, জমে থাকে অভিমান, আর মনের গভীরে ঘুরপাক খায় একটি প্রশ্ন—‘ভালো আছো তো?’ প্রেম, অতীতের ক্ষত, ভুল-বোঝাবুঝি ও বিচ্ছেদের এমন মনস্তাত্ত্বিক টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘ভালো আছো তো?’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা। নাটকটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। শুক্রবার সন্ধ্যায় সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি।


নাটকটির গল্পে উঠে এসেছে, প্রেম, মায়া, অভিমান ও বিচ্ছেদের নানা মুহূর্ত। ভালোবাসার মধ্য দিয়ে গল্পের শুরু হলেও সময়ের সঙ্গে সম্পর্কের জটিলতা বাড়তে থাকে। ভুল-বোঝাবুঝি আর অতীতের ক্ষত একসময় দুজনকে ঠেলে দেয় বিচ্ছেদের দিকে। সম্পর্ক ভেঙে যাওয়ার পরও প্রাক্তন মানুষের প্রতি রয়ে যাওয়া অনুভূতি ও না-বলা কথাগুলোই নাটকটির গল্পে বিশেষ গুরুত্ব পেয়েছে। সামাজিক মাধ্যমে নাটকটির একটি পোস্টার প্রকাশ করে অপূর্ব লিখেছেন, ‘সম্পর্ক নষ্ট করলেও সুন্দরভাবে করতে হয়। কিন্তু আমরা এমনভাবে নষ্ট করি যে, দেখা হলেও বলতে পারি না— কেমন আছো? ভালো আছো তো?’


এর আগে ‘মন দুয়ারী’ ও ‘মেঘবালিকা’ নাটকে একসঙ্গে কাজ করেছেন অপূর্ব ও নিহা। নতুন নাটকটিতে আবারও এই জুটিকে দেখা যায় ভিন্ন এক আবেগঘন গল্পে। সম্পর্কের ভাঙন, বিচ্ছেদের পরের অনুভূতি আর প্রাক্তন মানুষের প্রতি জমে থাকা প্রশ্নগুলো দর্শকের মনে কতটা দাগ কাটে, এখন সেটিই দেখার অপেক্ষা।