২৩ কার্তিক, ১৪৩৩
০৭ নভেম্বর, ২০২৬

শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

Admin Published: October 14, 2025, 6:11 pm
শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

ডিএনএন ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের চলমান আন্দোলনের তিন দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।


মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে হাসানাত আবদুল্লাহ তাঁর ভেরিফাইড ফেসবুক‌ পেইজে এক পোস্টে এই আহ্বান জানান।


ফেসবুক‌ পোস্টে তিনি লিখেন, “দেশ গড়ার কারিগর আমাদের সম্মানিত শিক্ষকদের দাবি মেনে নিন।”



এদিকে, দাবি আদায়ে সচিবালয়ে উদ্দেশ্যে লং মার্চের কর্মসূচি ঘোষণা করেছিলেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। তবে তাঁরা হাসনাত আবদুল্লাহর অনুরোধে আজ বিকেল ৪টা পর্যন্ত সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পিছিয়েছেন।


শিক্ষকরা হুঁশিয়ারি দিয়ে জানান, বিকেল ৪টার মধ্যে দাবি না মানলে তাঁরা সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি করবেন।


এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিকতে আন্দোলন করে আসছেন শিক্ষকরা।


গত ৩০ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়ার ভাতা ৫০০ টাকা বাড়িয়ে এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা নির্ধারণ করার বিষয়ে সম্মতি দেয় অর্থ বিভাগ। এরপর এ নিয়ে শিক্ষকদের মধ্যে আপত্তি শুরু হয়। শিক্ষকেরা বলে আসছেন মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধি শিক্ষকদের জন্য ‘লজ্জার বিষয়’। তাঁরা মূল বেতনের অন্তত ২০ শতাংশ হারে (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাড়া দেওয়ার দাবি জানিয়েছেন।