৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

সমালোচনার মুখে অ্যাটকোর সিদ্ধান্ত প্রত্যাহার

Admin Published: May 18, 2026, 6:32 pm
সমালোচনার মুখে অ্যাটকোর সিদ্ধান্ত প্রত্যাহার

ডিএনএন ডেস্ক: সমালোচনার মুখে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক-সংক্রান্ত জারি করা বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৮ মে) সংগঠনটির সভাপতি অঞ্জন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, অ্যাটকোর সম্মানিত সব সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রোববার (১৭ মে) সংগঠনের পক্ষ থেকে ভুলবশত অনাপত্তিপত্র-সংক্রান্ত যে জরুরি বিজ্ঞপ্তি (স্মারক নং: অ্যাটকো/অনাপত্তিপত্র/০৩/২৬) জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হলো।


চিঠিতে আরও বলা হয়, এ বিষয়ে আর কোনো জটিলতা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে।

এর আগে রোববার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী, অন্য কোনো টেলিভিশন চ্যানেলে যোগদানের আগে কর্মরত বা সর্বশেষ কর্মস্থল থেকে অনাপত্তিপত্র নেওয়া বাধ্যতামূলক।


টেলিভিশন মালিকদের এই সংগঠনটি তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোকে দুটি বিষয় কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে। একটি হচ্ছে, নতুন কর্মস্থলে যোগদানের আগে অবশ্যই বর্তমান কোম্পানি বা চ্যানেল থেকে অনাপত্তিপত্র অথবা ছাড়পত্র গ্রহণ করতে হবে।


অপরটি, অনাপত্তিপত্র ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করলে বা যোগ দিলে উক্ত কর্মচারী প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করেছেন বলে গণ্য হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।


টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠনের পক্ষ থেকে এমন নির্দেশনা প্রকাশিত হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানান গণমাধ্যমকর্মীরা।