১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

ভূমিসেবা নিশ্চিত করতে চালু করা হচ্ছে ‘ওয়ান স্টপ সার্ভিস’ : ভূমিমন্ত্রী

Admin Published: February 27, 2026, 7:07 pm
ভূমিসেবা নিশ্চিত করতে চালু  করা হচ্ছে ‘ওয়ান স্টপ  সার্ভিস’ : ভূমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : ভূমি সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূরীকরণে উন্নত দেশের আদলে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্য হচ্ছে সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করা এবং সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

শুক্রবার রাজশাহী নগরীর পদ্মা কমিউনিটি সেন্টারে আয়োজিত সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, ভূমি মন্ত্রণালয় সম্পূর্ণভাবে আইনের মাধ্যমে পরিচালিত হয়। আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হচ্ছে। ভূমি সংক্রান্ত বিষয়ে যেখানে অনিয়ম, দুর্নীতি বা দীর্ঘসূত্রিতা রয়েছে, সে সব ক্ষেত্রে দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং আবেদন নিষ্পত্তির সময় কমাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি কর সংক্রান্ত সেবা ও অন্যান্য ভূমি-সম্পর্কিত কার্যক্রম একই স্থানে দ্রুত সম্পন্ন করার জন্য ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষকে বিভিন্ন দফতরে ঘুরতে হবে না এবং দালাল চক্রের দৌরাত্ম্যও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাজশাহীবাসীর সার্বিক উন্নয়নের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আইটি সেক্টরসহ উত্তরাঞ্চলে শিল্পঘন পরিবেশ গড়ে তোলা হবে। তরুণদের দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে রাজশাহীকে একটি আধুনিক ও কর্মমুখর অঞ্চলে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি।

এর আগে তিনি বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি মানুসের বিভিন্ন সমস্যার কথা শুনেন ও সমাধানের আশ্বাস দেন। পরে তিনি নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় অবস্থিত বড়মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।