স্টাফ রিপোর্টার : রাজশাহীর নওহাটা পৌরসভার কাজীপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের বাগানের দেড় শতাধিক কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চরম হতাশায় ভুগছেন ক্ষতিগ্রস্থ কৃষক সাইদুর রহমান।
কৃষক সাইদুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে কলাচাষ করে জীবিকা নির্বাহ করছেন। কয়েক মাস আগে কাজীপাড়া এলাকার কয়েকজনের সঙ্গে তার পারিবারিক ও জমিজমা নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
সাইদুর রহমানের অভিযোগ মঙ্গলবার মধ্যরাতে তার বাগানের দেড় শতাধিক কলাগাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, রাতে বাগানে যাই না। পরের দিন সকালে গিয়ে দেখি সব গাছ কাটা। এ ঘটনায় তিনি একই এলাকার জয়েন হাজীর ছেলে কাজী আবুল কালাম, কালামের ছেলে হাবিব, হাসান ও কাজী বোরহানকে অভিযুক্ত করে বুধবার রাতে তিনি পবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে এভাবে কৃষকের ক্ষতি করা ন্যাক্কারজনক। এ বিষয়ে পবা থানার ওসি মনিরুল ইসলাম জানান, অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।