ডিএনএন ডেস্ক: একাত্তরে গণহত্যার জন্য ক্ষমা চাওয়াসহ অমীমাংসিত বিষয় দুবার সমাধান হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটাই দাবি করেন তিনি।বৈঠকে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী বলেন, অমীমাংসিত ইস্যু নিয়ে বলতে চাই, ১৯৭৪ সালে প্রথমবারের মতো ১৯৭১ ইস্যুর নিষ্পত্তি হয়েছে। ওই সময়ের দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক। এরপর জেনারেল পারভেজ মোশাররফ এখানে (বাংলাদেশে) এসে প্রকাশ্যে এবং খোলামনে বিষয়টির সমাধান করেছেন। ফলে বিষয়টির দুইবার সমাধান হয়েছে। একবার ১৯৭৪ সালে আরেকবার ২০০২ সালে।
দুই দেশ এখন অর্থ ও বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় উল্লেখ করে তিনি বলেন, ইসলাম বলেছে হৃদয় পরিষ্কার করতে। আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন। এ সময় অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন ইসহাক দার।
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, বাণিজ্য ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ইসহাক দার।