২১ বৈশাখ, ১৪৩৩
০৪ মে, ২০২৬

আইপিএলে ‘গার্লফ্রেন্ড কালচার’ রুখতে কঠোর হচ্ছে বিসিসিআই

Admin Published: May 4, 2026, 6:15 pm
আইপিএলে ‘গার্লফ্রেন্ড কালচার’ রুখতে কঠোর হচ্ছে বিসিসিআই

ডিএনএন ডেস্ক: আইপিএল চলাকালে ক্রিকেটারদের নারী বন্ধুদের অবাধ চলাফেরা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ড মনে করছে এখনই লাগাম না টানলে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে।


ভারতীয় সংবাদমাধ্যম 'দৈনিক জাগরণ'-এর প্রতিবেদন অনুযায়ী, হার্দিক পান্ডিয়া, ইশান কিশান, যশস্বী জয়সোয়াল ও আর্শদীপ সিংসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে প্রায়ই তাদের নারী বন্ধুদের নিয়ে দলের বাসে যাতায়াত করতে দেখা যাচ্ছে। এমনকি টিম হোটেলেও তারা ক্রিকেটারদের সঙ্গেই থাকছেন। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, অনেক সময় বান্ধবীদের দেরি হওয়ার কারণে পুরো দলের বাস দাঁড়িয়ে থাকতে হয়, যা পেশাদারিত্বের পরিপন্থী।


বিসিসিআইয়ের নীতিমালায় কেবল স্ত্রী এবং পরিবারের সদস্যদের জন্য নির্দিষ্ট নিয়ম মেনে থাকার অনুমতি রয়েছে। সেখানে ‘গার্লফ্রেন্ড’ বলে কোনো পদের অস্তিত্ব নেই। অভিযোগ উঠেছে, কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতি দমন ইউনিটের (এসিইউ) কর্মকর্তাদের ভুল বুঝিয়ে বান্ধবীদের হোটেলে রাখা হচ্ছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিসিসিআই কর্মকর্তা বলেন, ‘কার অনুমতিতে এসব হচ্ছে, তা খতিয়ে দেখা দরকার।’


অনেক ক্রিকেটারের নারী বন্ধু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তাদের কেউ কেউ অতীতে বেটিং অ্যাপের প্রচারণা চালিয়েছেন, যা আইপিএলের মূল্যবোধ ও নিয়মের সরাসরি বিরোধী। এছাড়া সারাক্ষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকায় অসাবধানতাবশত দলের ভেতরের সংবেদনশীল ছবি বা তথ্য লিক হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এমনকি সাম্প্রতিক সময়ে কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তাদের বান্ধবীদের ব্যক্তিগত ঝামেলা থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছে, যা বিসিসিআই ও আইপিএলের ব্র্যান্ড ভ্যালু নষ্ট করেছে।


জানা গেছে, বিসিসিআইয়ের পরবর্তী সভায় এ বিষয়ে চূড়ান্ত গাইডলাইন তৈরি করা হবে। নতুন নিয়মে দলের বাস বা হোটেলে কোনোভাবেই নারী বন্ধুদের রাখা যাবে না। এই নিয়ম শুধু আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য নয়, বরং জাতীয় দলের বিদেশ সফরেও কঠোরভাবে প্রয়োগ করা হবে।